FIFA World Cup 2026: এক টাকাও খরচ নয়! ফ্রি-তেই দেখুন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, জানুন উপায়

FIFA World Cup 2026 শুরুর আগে ফুটবলপ্রেমীদের বড় সুখবর। ডিডি স্পোর্টসে বিনামূল্যে দেখা যাবে উদ্বোধনী ম্যাচ থেকে নকআউটের গুরুত্বপূর্ণ লড়াই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

FIFA World Cup 2026 শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে ভারতীয় সমর্থকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। তবে যাঁরা সাবস্ক্রিপশনের খরচ নিয়ে চিন্তায় ছিলেন, তাঁদের জন্য রয়েছে বড় সুখবর—বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

দীর্ঘদিন ধরে ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার স্বত্ব নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জি এন্টারটেইনমেন্টকে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে টেলিভিশন এবং ডিজিটাল—দুই মাধ্যমেই বিশ্বকাপ দেখার পথ এখন স্পষ্ট।

শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, এই চুক্তির মাধ্যমে ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বও পেয়েছে সংস্থাটি। ফলে আগামী কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবল সম্প্রচারে বড় ভূমিকা নিতে চলেছে জি নেটওয়ার্ক।

ক্রীড়াপ্রেমীদের জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে চারটি নতুন স্পোর্টস চ্যানেল—ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চ্যানেলগুলির মাধ্যমেই বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।

অন্যদিকে, ডিজিটাল মাধ্যমে খেলা দেখতে চাইলে জি৫ প্ল্যাটফর্মে বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান চালু হয়েছে। তিন মাসের প্ল্যানের দাম ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। তবে সম্প্রতি প্ল্যাটফর্মের শর্তে পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে একটি অ্যাকাউন্টে একাধিক ব্যবহারকারী লগইন করতে পারলেও সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে বলে দাবি নেটিজেনদের একাংশের। পাশাপাশি, আগে থেকে সাবস্ক্রিপশন থাকা ব্যবহারকারীদেরও অতিরিক্ত খরচ করতে হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

তবে যাঁদের কাছে জি-এর স্পোর্টস চ্যানেল বা জি৫ সাবস্ক্রিপশন নেই, তাঁদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে দূরদর্শনের তরফে। ডিডি স্পোর্টস বিশ্বকাপের নির্বাচিত ম্যাচ সরাসরি সম্প্রচার করবে, যা ডিডি ফ্রি ডিশ ব্যবহারকারীরা বিনামূল্যে দেখতে পারবেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে সেই ম্যাচ সম্প্রচারিত হবে। এছাড়াও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও ডিডি স্পোর্টসে দেখানো হবে।

ফলে সাবস্ক্রিপশন না থাকলেও ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ মিস করার কোনও কারণ নেই। ডিডি স্পোর্টসের মাধ্যমে বিনামূল্যেই দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর