নজরবন্দি ব্যুরো: শীঘ্রই শাহরুখের নতুন ছবির ঘোষণা হতে চলেছে, সম্প্রতি বলিউডে এমনই গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিনের পুরনো বন্ধু ফারহা খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড বাদশা। এই ছবির প্রযোজনা করবে রেড চিলিজ। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর ফের প্রত্যাবর্তন হবে এই জুটির। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউড অনুরাগীরা। এই মুহূর্তে শাহরুখ ‘ডাঙ্কি’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
আরও পড়ুন: অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা
জানা গিয়েছে, একটি মশলা ছবির জন্যই ফারহা খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান। প্রযোজনার জন্য রেড চিলিজ এন্টারটেনমেন্টের উপরেই আস্থা রাখছেন দুজনে। ইতিমধ্যেই নাকি ফারহার সঙ্গে প্রাথমিকভাবে একটি চুক্তিও করে ফেলেছে এই প্রযোজনা সংস্থা। শাহরুখকে সঙ্গে নিয়েই পরিচালক হিসেবে কামব্যাক করতে চলেছেন ফারহা। ছবির গল্প এখনও চূড়ান্ত হয়নি। তবে সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষেই নতুন ছবির ঘোষণা হতে পারে এবং আগামী বছর থেকেই শুরু হবে শুটিং।

বর্তমানে শাহরুখ খান রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ এবং অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে রেড চিলিজ এই মুহূর্তে ‘জওয়ান’ ও আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘স্টারডম’ প্রযোজনার কাজ করছে। এই দুটির কাজ শেষ হলেই নতুন প্রজেক্ট শুরু হবে বলে খবর। এর আগে ফারহার পরিচালনায় শাহরুখ তিনটি ছবিতে কাজ করেছেন। ‘মে হু না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’- তিনটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। দীর্ঘ ৯ বছর পর দুই বন্ধু ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। কিং খানের নতুন ছবি নিয়ে উত্তেজনা ভক্তমহলে।

বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে শাহরুখ খানের। ‘পাঠান’ বক্স অফিসে রাজত্ব করেছে। চারবছর পর শাহরুখের কামব্যাক দর্শকের মনে ছাপ ফেলেছে। ষাটের দোরগোড়ায় এসে ছবির নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছেন কিং খান। সর্বভারতীয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে এমন ছবিতেই কাজ করতে চাইছেন শাহরুখ। যে কারণে ফারহান আখতারের ‘ডন ৩’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে যে ছবিই হোক, বলিউড বাদশাকে বড় পর্দায় দেখতে মুখিয়ে দর্শকরা।
ফারহার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ! শীঘ্রই ভক্তদের সুখবর দেবেন বাদশা




