লোকসভায় বুধবার বাজেটের জবাবি ভাষণে ঝড় তুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের সময় তুমুল হইহট্টগোল বাঁধল সংসদে। বাজেটকে অ্যাক্রোনিমে ভেঙে একের পর এক বাক্যবাণে বিজেপিকে বিদ্ধ করলেন অভিষেক। তুললেন একগুচ্ছ প্রশ্ন। বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে আক্রমণাত্মক ভঙ্গিতে ভাষণ রাখলেন তিনি। অভিষেকের কথায়, এই বাজেট বৈষম্যমূলক বাজেট!
এদিন প্রায় একঘন্টার কাছাকাছি সংসদে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটের পাশাপাশি, বিগত পাঁচ বছরে বিজেপির ব্যর্থতার গল্প তিনি তুলে ধরার চেষ্টা করলেন। তৃণমূল সেনাপতি বাজেটকে (BUDGET) অ্যাক্রোনিমে ভেঙে প্রতিটি অক্ষরের ব্যাখ্যা দিলেন। তাঁর কথায়, বাজেটের ‘বি’-এর অর্থ ব্রিট্রেয়াল অর্থাৎ, বিশ্বাসঘাতকতা। ‘ইউ’-এর অর্থ, আনএমপ্লোয়মেন্ট, অর্থাৎ বেকারত্ব। ‘ডি’-এর অর্থ, ডিপ্রাইভ অর্থাৎ, বঞ্চনা। ‘জি’-এর অর্থ ঘোটালা বা গ্যারান্টি। ‘ই’-এর অর্থ এনসেন্ট্রিক অর্থাৎ উদ্ভট। এবং, ‘টি’-এর অর্থ অভিষেকের মতে, ট্র্যাজিক!



মঙ্গলবার বাজেট পেশের পরেই অভিষেক বলেন, “এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনও ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে।”
বুধে সংসদ অভিষেকময়, বাজেটের জবাবি ভাষণে ঝড় তুললেন তৃণমূল সেনাপতি!
আর আজ তিনি বললেন, “এই বাজেট দু’জন মিলে তৈরি করেছে। শুধুমাত্র দু’জনের জন্য। অন্ধ্রে বিজেপির মাত্র ৩ জন সাংসদ অথচ তাঁদের জন্য বিশাল প্যাকেজ। আর বাংলার ১২ জন বিজেপি সাংসদ রয়েছে তাও বাংলা কিছু পেল না। আমি শুধু লোকসভায় একটাই তফাত দেখতে পারছি, সেটা হল বিজেপির চিয়ারলিডার কমে গিয়েছে। টেবিল চাপড়ানোর জন্য আর পর্যাপ্ত লোক নেই।”


অভিষেক বক্তব্য রাখাকালীন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু কটুক্তি করেন। সেই সময় নিজের মেজাজ হারান অভিষেক। তিনি স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন সৌমিত্র যেন ক্ষমা চান। যদিও তা হয় না, স্পিকার সৌমিত্রর মন্তব্যকে নিন্দা জানান এবং সেটিকে লোকসভার রেকর্ড থেকে মুছে দেবার কথা ঘোষণা করেন।







