ইডেন টেস্টে হাই অ্যালার্ট: শুক্রবার থেকে যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ, জানুন কোন রাস্তা বন্ধ

দিল্লির বিস্ফোরণের পর কলকাতায় কড়া নিরাপত্তা। ১৪ থেকে ১৮ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট চলাকালীন ময়দান এলাকায় যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ জারি করছে কলকাতা পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর কলকাতায় জারি হয়েছে হাই অ্যালার্ট। শুক্রবার, ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে India vs South Africa Test Match, আর সেই ম্যাচ ঘিরে শহরে গড়ে তোলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। ইডেনের আশেপাশে, ময়দান চত্বর এবং দলগুলির অবস্থান করা হোটেল এলাকায় ইতিমধ্যেই মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

কলকাতা পুলিশ সূত্রে খবর, ম্যাচের পাঁচ দিনই (১৪ থেকে ১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। বিশেষ করে ময়দান, ইডেন গার্ডেন্স ও হাই কোর্ট চত্বরকে ঘিরে যান চলাচলে বড় পরিবর্তন আসছে।

কোন কোন রাস্তা বন্ধ থাকবে?

লালবাজারের নির্দেশ অনুযায়ী, ম্যাচের দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ময়দান এলাকায় সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে, কিছু বিকল্প রুট খোলা রাখা হচ্ছে।

খোলা থাকবে যে রাস্তা:
পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে বা স্ট্র্যান্ড রোড ধরে বিদ্যাসাগর সেতুর মাধ্যমে হাওড়া যাওয়ার রাস্তা চালু থাকবে।

তবে, ১২ ঘণ্টার জন্য ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণি বন্ধ থাকবে। হাইকোর্টগামী যানবাহনকে ঘুরে যেতে হবে এসপ্ল্যানেড রো ওয়েস্ট হয়ে।

বাস ও মিনিবাস রুটে পরিবর্তন

দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগগামী বাস ও মিনিবাসকে রাসমণি অ্যাভিনিউ – গভর্নমেন্ট প্লেস ইস্ট – ওল্ড কোর্ট হাউস স্ট্রিট – জওহরলাল নেহরু রোড হয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।

উত্তর কলকাতা থেকে আসা বাসগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাগ, এসএন ব্যানার্জি রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে চলবে।

দক্ষিণ দিক থেকে ছোট গাড়ি বা বাইক চালকদের এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে হবে। খোলা থাকবে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ, যার মাধ্যমে উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ি চলাচল করতে পারবে।

হাওড়াগামী বাসের নতুন রুট

ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড ও জিরাট ব্রিজ হয়ে কলকাতা থেকে হাওড়া যাওয়ার বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে।

তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যাচের দিন ও যানজটের পরিস্থিতি অনুযায়ী নির্দেশিকায় পরিবর্তন আনা হতে পারে। তাই যাত্রীরা যেন ভ্রমণের আগে কলকাতা পুলিশের ওয়েবসাইট বা ট্রাফিক হেল্পলাইন দেখে নেন।

নিরাপত্তায় নজরদারি বাড়ছে

ইডেনের চারপাশে CCTV ক্যামেরা ও বিশেষ দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। দুই দলের হোটেল থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত পথজুড়ে থাকবে পুলিশ এসকর্ট। মাঠে প্রবেশের সময় দর্শকদেরও তিনস্তরের নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হবে।

কলকাতা পুলিশের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, “দিল্লির ঘটনায় কোনওভাবেই ঝুঁকি নেওয়া হবে না। নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ—দুই ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত