প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ মামলাতেও তদন্তের গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, চলতি মাসের ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকেই তলব করা হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন এবং অর্থের উৎস খতিয়ে দেখতেই এই তলব। উল্লেখযোগ্যভাবে, এই মামলায় এর আগে ইডি কখনও পার্থ বা অর্পিতাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেনি। ফলে নতুন করে তদন্তের দিক পরিবর্তনের ইঙ্গিত দেখছেন আইনজীবী মহলের একাংশ।


প্রাথমিক মামলার পর নতুন ধাপ
২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি, যা রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন তৈরি করেছিল। পরে সিবিআইয়ের এসএসসি ও প্রাথমিক—দুই নিয়োগ মামলাতেই পার্থকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।
তবে এসএসসি মামলায় ইডির সরাসরি জেরা এতদিন হয়নি। এবার সেই তদন্তেই সক্রিয় ভূমিকা নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।
আরও তলবের প্রস্তুতি
ইডি সূত্রে জানা যাচ্ছে, শুধু পার্থ ও অর্পিতাই নন—চলতি মাসেই আরও কয়েক জনকে তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার প্রস্তুতিও চলছে। তদন্তের পরবর্তী ধাপে আর্থিক লেনদেনের শৃঙ্খল খতিয়ে দেখা হবে বলে সূত্রের ইঙ্গিত।


জামিনে মুক্ত দু’জনই
গত বছর নভেম্বর মাসে সব মামলায় জামিন পেয়ে তিন বছর তিন মাস পর বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। পরে ডিসেম্বর মাসে বাড়িতে দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায় প্রায় দু’বছর তিন মাস জেলে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে জামিন পান। উল্লেখযোগ্যভাবে, তাঁকে সিবিআইয়ের কোনও মামলায় গ্রেফতার করা হয়নি।
নিয়োগ দুর্নীতি তদন্তের নতুন পর্ব শুরু হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে আবারও চর্চা তুঙ্গে।







