নজরবন্দি ব্যুরোঃ বিধাননগরে থাকবে কেন্দ্রীয় বাহিনী? মুখ্যসচিব এবং ডিজিপি সঙ্গে বৈঠক করে তবেই তথ্য জানানো হবে আদালতের কাছে। শুক্রবার এবিষয়ে কলকাতা হাইকোর্টকে এখনই জানাচ্ছে না নির্বাচন কমিশন। সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।
আরও পড়ুনঃ COVID-19 in India: ১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, কমছে না মৃত্যুর দাপট


এদিন মামলাকারীর আইনজীবী আদালতের কাছে প্রশ্ন করে, বিধাননগরের পুরভোটে কমিশন কী কেন্দ্রীয় বাহিনী দিতে রাজি রয়েছে? এবিষয়ে এখনও অন্ধকারে রয়েছেন তিনি। বৈঠকের তথ্য আদালতের কাছে জানানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, কমিশনকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ১২ ঘন্টার মধ্যে বৈঠক করতে বলা হয়েছে। কিন্তু ১২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এমনটা কোথাও বলা হয়নি।
কমিশনের আইনজীবীর তরফে বলা হয়েছে বৈঠক হয়েছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাল্টা কমিশনকে প্রধান বিচারপতি মনে করিয়ে দেয় যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে দায় কমিশনকে ব্যক্তিগতভাবে নিতে হবে। প্রধান বিচারপতিকে সতর্ক করে বলেন, বি কেয়ারফুল। চাইলে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হোক।
প্রসঙ্গত, বিধাননগরের পুরভোটে অশান্তির আশঙ্কা করে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবীতে সরব হয়েছে বিজেপি নেতা। এছাড়াও পুরভোটে শান্তিপূর্ণ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং রাজ্যের সমস্ত পুরভোটের গণনা একসঙ্গে করানোর দাবীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করল আদালত। আদালতের তরফে বলা হয়েছে, বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত কমিশনের।



আদালতের তরফে আরও জানানো হয়েছে, শান্তিপূর্ণ ভোট করা কমিশনের দায়িত্ব। আইনশৃংখলা খতিয়ে দেখে কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করতে হয় তার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির সঙ্গে কমিশনকে বৈঠক করার নির্দেশ দিল আদালত।
একইসঙ্গে চার পুরনিগমের নির্বাচনের ফলাফলের সঙ্গে বাকি ১০৮ টি পুর এলাকার ফলাফল একসঙ্গে ঘোষণা হবে কিনা সেবিষয়েও কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জানাতে হবে সেই সিদ্ধান্ত। এমনকি পুরভোটে পোলিং এজেন্ট নিয়েও কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চাইছে না আদালত। অর্থাৎ নিজেদের ওয়ার্ডের পরিধি থেকেই বেছে নেওয়া হবে পোলিং এজেন্ট।
বিধাননগরে থাকবে কেন্দ্রীয় বাহিনী? আরও সময় চাইল আদালত

উল্লেখ্য, রাজ্যের চার পুর নিগমে আসানসোল, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি এলাকার নির্বাচন ১২ ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা ১৪ তারিখ। অন্যদিকে ২৭ তারিখ রয়েছে রাজ্যের ১০৮ টি এলাকার পুর নির্বাচন। সমস্ত নির্বাচনের ফলাফল ঘোষণা একদিনে করানোর দাবীতে প্রস্তাব দিয়েছিল বিরোধীরা। সেই নিয়েই শুনানি ছিল হাইকোর্টে।








