দীর্ঘ অপেক্ষার অবসান। ষষ্ঠ বছরে এসে অবশেষে জয়ের স্বাদ দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। নতুন কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে প্রথম ম্যাচেই বদলের ছাপ, আর অভিষেকেই জোড়া গোল করে নায়ক হয়ে উঠলেন দলের নতুন বিদেশি ইউসেফ এজেজারি।
প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় লাল-হলুদকে। ম্যাচে মোট ১৮,৬৩৬ জন দর্শক উপস্থিত ছিলেন। শুরুতে দর্শক সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে গ্যালারি ভরতে থাকে। আর শেষ পর্যন্ত সমর্থকদের হতাশ করেনি ইস্টবেঙ্গল। তবে ম্যাচের শুরুটা খুব মসৃণ ছিল না। মরশুমের প্রথম ম্যাচ হওয়ায় আক্রমণ তৈরি হলেও গোলের মুখ খুলছিল না।
এই ম্যাচে চোটের জন্য ছিলেন না কেভিন সিবিলে। তবে শুরু থেকেই মাঠে নামেন সল ক্রেস্পো ও নতুন বিদেশি ইউসেফ। ম্যাচের সাত মিনিটের মধ্যেই দু’বার গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। এরপর নয় মিনিটের মাথায় আবার আক্রমণ শানায় লাল-হলুদ, কিন্তু বিপিন, রশিদ ও জয় গুপ্তার শটে জোর ছিল না।
১৭ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে রশিদ গোলের সামনে সুযোগ পেলেও সঠিক জায়গায় না থাকায় গোল করতে পারেননি। এরপর ২৩, ২৬, ৩০, ৩৬ ও ৩৯ মিনিটে একের পর এক সুযোগ তৈরি হলেও রশিদ ও নন্দকুমাররা লক্ষ্যভ্রষ্ট হন। প্রথমার্ধের শেষদিকে নর্থইস্ট ইউনাইটেডের জিতিন এমএস বিপজ্জনক আক্রমণ তুললেও আনোয়ার আলি তা ঠেকিয়ে দেন।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চেহারা। ৫১ মিনিটে রশিদের পাস থেকে মিগুয়েল শট নিলেও গোলকিপার তা রুখে দেন। ৬০ মিনিটেও একইভাবে সুযোগ হাতছাড়া হয়।
অবশেষে ৬৫ মিনিটে জালে বল জড়ান ইউসেফ। সেই গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মাত্র ছয় মিনিট পর, ৭১ মিনিটে আবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন তিনি। পরে মিগুয়েলের গোল ম্যাচের রাশ পুরোপুরি লাল-হলুদের হাতে তুলে দেয়। শেষ পর্যন্ত স্বচ্ছন্দ জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
ISL-এ এতদিন নানা বিতর্ক ও হতাশা সঙ্গী হলেও, এ বার প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখল দল। নতুন কোচ ও নতুন বিদেশির হাত ধরে আত্মবিশ্বাসী সূচনা করল লাল-হলুদ শিবির।






