নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্রই অভিযোগ তোলেন বিরোধীরা। আর এই আবহেই সোমবার রাতে বসিরহাটের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলে। আর তাদের সামলাতে গিয়েই গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। আর এই ঘটনার পর আজ প্রাতভ্রমণ করতে এসে সাংবাদিকদের সামনেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: কলকাতায় এলেন নবনির্বাচিত রাজ্যপাল, শপথের প্রাক্কালে স্বাগত জানালেন মন্ত্রীরা
তিনি বললেন, “টাকা পয়সা তুলে দেওয়া, সংগঠনের কাজ করা, ভোট জেতানো এ সবই এখন পুলিশের কাজ। এখন তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেটা পুলিশকে দিয়ে মেটাতে হচ্ছে। শুধু তাই নয় পুলিশকেও গুলি খেতে হচ্ছে। সমস্ত সমাজ বিরোধীদের নিয়ে তৃণমূল পার্টিটা আছে, গন্ডগোল মারপিট হবেই।” দিলীপ আরও বলেন, “পুলিশের ক্ষমতা নেই সমাজবিরোধীদের গায়ে হাত দেওয়া। পুলিশও তাই করছে। জানি না আর কত জন শহিদ হবেন!”

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় শাঁকচুড়ার বাজারের কাছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, দুই গোষ্ঠীর লোকজন গালিগালাজ শুরু করে । তার থেকেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে হাতাহাতি লেগে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশের কাজই হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো, বিস্ফোরক দাবি দিলীপের
এরপর আচমকাই সেখানে গুলির আওয়াজ শোনা যায় । অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত পুলিশকর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই ঘটনাস্থলে পোঁছায় বিশাল পুলিশ বাহিনী।



