নজরবন্দি ব্যুরোঃ স্যোশাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির দাবিতে শিলিগুড়ি থানার দ্বারস্থ হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জেলা কমিটির সদস্যদের নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পরেও নিরাপত্তারক্ষী নিতে রাজি হননি বিধায়ক। তাঁর কথায়, যেভাবে স্কুটিতে ঘুরে বেড়াই ওভাবেই থাকতে চাই। আমি এই শহরের ছেলে।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না, কেন একথা বললেন অভিষেক?
বিধায়কের অভিযোগ, গত ২৭ তারিখ সোশ্যাল মিডিয়াতে তিনি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু ও পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেফতার করে প্রাণে মারা উচিত। যেই প্রোফাইল থেকে এই বক্তব্যটি আসে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।

শুক্রবার বনধ পালনে ব্যস্ত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার বিষয়টি তাঁর নজরে আসতেই দুপুরে সদলবলে এসে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বলেন, আতঙ্কের মধ্যে আমি নেই। তবে যেভাবে পুলিশ কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনকে হত্যা করেছে। একইভাবে আমাকে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে কিনা, তার একটা ইঙ্গিত এই পোস্টের মাধ্যমে পাওয়া গিয়েছে। এই পোস্টে লেখা ছিল তৃণমূলের নব জোয়ার। তাছাড়া আমি নিজে প্রোফাইলটা দেখেছি। উনি রাজ্যের শাসকদলের হয়েই পোস্ট করেন। আর বিজেপি নেতাদের গালমন্দ করে থাকেন।
স্যোশাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য শিলিগুড়িতে

তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছি, দ্রুত এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন ঘটনাটি তদন্ত করে দেখবেন। তবে এটা বলতে পারি, আমাকে এসব হুমকি দিয়েও দমানো যাবে না। আমি কাউকে ভয় পাই না।



