ডিএ নিয়ে বড় আপডেট: সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ১ এপ্রিল বৈঠক ডাকল অর্থ দপ্তর

সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের ডিএ মেটানো নিয়ে ১ এপ্রিল বৈঠক ডাকল অর্থ দপ্তর, দুই ধাপে বকেয়া পরিশোধ ও অর্থপ্রদানের পদ্ধতি নিয়ে জোরালো আলোচনা সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ নিয়ে জট কি অবশেষে কাটতে চলেছে? ভোটের আগেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর প্রতিশ্রুতির পর এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ—১ এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দপ্তর। এই বৈঠক থেকেই স্পষ্ট হতে পারে, কবে এবং কীভাবে বহু প্রতীক্ষিত বকেয়া টাকা কর্মীদের হাতে পৌঁছবে।

সূত্রের খবর, ১২ মার্চ জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতে বর্তমানে কর্মীদের মাসিক ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে। সেই প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই আগামী ১ এপ্রিল বিকেল ৪টেয় অর্থ দপ্তরের কনফারেন্স হল (রুম নম্বর ১২০২)-এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

নির্দেশিকায় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস বিভাগের কর্মী, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং সংশ্লিষ্ট কর্তাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকেই স্কুল, পঞ্চায়েত ও পুরসভার মতো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মেটানো হবে। ROPA 2009-এর আওতায় থাকা কর্মচারীরাই এই সুবিধা পাবেন। এই বকেয়া দুই কিস্তিতে দেওয়া হবে—প্রথম কিস্তি মার্চে এবং দ্বিতীয় কিস্তি চলতি বছরের সেপ্টেম্বর মাসে।

গ্রুপ এ, বি এবং সি কর্মীদের ক্ষেত্রে এই অর্থ জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা পড়বে। অন্যদিকে গ্রুপ ডি কর্মচারী ও পেনশনভোগীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

এর পাশাপাশি, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছরের বকেয়া ডিএ এককালীন মেটানোর সিদ্ধান্তও ইতিমধ্যে জানিয়েছে নবান্ন। ২৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মী, মৃত কর্মীর পরিবারের পেনশনভোগী এবং চতুর্থ শ্রেণির কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। বাকি গ্রুপ এ, বি ও সি কর্মীদের ক্ষেত্রে সেই টাকা জমা হবে জিপিএফ অ্যাকাউন্টে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত