নজরবন্দি ব্যুরোঃ গতি বাড়াল ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এখন সে ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। এ দিকে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ‘অশনি’র প্রভাবে সেই বৃষ্টি হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল থেকে। সোমবারের এই বৃষ্টির নেপথ্যেও ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে কি না তা স্পষ্ট জানায়নি মৌসম ভবন। তবে আবহবিদরা মনে করছেন, সরাসরি না হলেও সোমবারের বৃষ্টির পরোক্ষ কারণ ঘূর্ণিঝড়ই।
আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অপর দিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’।
গতি বাড়াল ঘূর্ণিঝড় ‘অশনি’, বৃষ্টি শুরু কলকাতায়
ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ক্রমশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র অবস্থানের সম্ভাবনা। তারপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থানের প্রবল সম্ভাবনা।



