আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী লিগ। জনপ্রিয়ও বটে। এই টুর্নামেন্টে খেলে কোটি কোটি টাকা উপার্জন করেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। আগামী মরশুমে ক্রিকেটারদের উপার্জন আরও বাড়তে চলেছে শনিবার ঘোষণা করলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ। এবার থেকে ম্যাচ পিছু বেতন পাবেন ক্রিকেটাররা, ঠিক একেবারে আন্তর্জাতিক ক্রিকেটের মত।
এতদিন আইপিএলে মরশুমভিত্তিক অর্থ পেতেন ক্রিকেটাররা। নিলাম দর উঠত। সেই পরিমাণ অর্থ ফ্র্যাঞ্চাইজি দল ক্রিকেটারদের দিত। এবার থেকে প্রতি ম্যাচে সাড়ে ৭ লক্ষ টাকা করে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। অর্থাৎ, যদি কোনও ক্রিকেটার মরশুমের সমস্ত ম্যাচ খেলেন তাহলে তাঁর বাড়তি উপার্জন হবে ১.০৫ কোটি টাকা। এই অর্থের সঙ্গে নিলামে প্রাপ্ত অর্থের কোনও সম্পর্ক নেই। আর এই টাকাটা পুরোটাই ব্যয় করবে বিসিসিআই। প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ১২.৬০ কোটি টাকা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
In a historic move to celebrate consistency and champion outstanding performances in the #IPL, we are thrilled to introduce a match fee of INR 7.5 lakhs per game for our cricketers! A cricketer playing all league matches in a season will get Rs. 1.05 crores in addition to his…
— Jay Shah (@JayShah) September 28, 2024
এই বিষয়ইটি নিয়ে এক্স হ্যান্ডেলে জয় শাহ লিখেছেন, “IPL-এর ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিল বিসিসিআই। আমরা আমাদের ক্রিকেটারদের জন্য প্রতি খেলায় ৭.৫০ লক্ষ ম্যাচ ফি চালু করতে পেরে রোমাঞ্চিত! এক মরশুমে লিগের সব ম্যাচ খেলা একজন ক্রিকেটার পাবেন ১.০৫ কোটি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সিজনের জন্য ম্যাচ ফি হিসেবে ১২.৬০ কোটি বরাদ্দ করা হল! IPL এবং আমাদের খেলোয়াড়দের জন্য একটি নতুন যুগের সূচনা হল!”
অন্যদিকে, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ হলেও আর দু’মাস পর তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। সূত্রের খবর, ১ ডিসেম্বর থেকে নতুন পদে বসবেন তিনি। তার আগেই সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিবের নাম ঘোষণা করা হবে। বিদায়লগ্নে জয় শাহ আইপিএল-এর ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিলেন।



