হুমায়ুন ‘ক্লোজড চ্যাপটার’, এবার মিমের সঙ্গে যোগাযোগ সিপিএমের—জোট সমীকরণে নতুন মোড়

কংগ্রেসের সাফ না-র পর জোটের নতুন সমীকরণ খুঁজছে সিপিএম। হুমায়ুন ইস্যুতে দূরত্ব বাড়িয়ে এবার মিমের রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে জোট রাজনীতিতে নতুন সমীকরণ খুঁজছে বাম শিবির। কংগ্রেস সিপিএমের সঙ্গে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। হুমায়ুন কবীর ইস্যুতেও আপাতত দরজা বন্ধ। এই আবহেই সংখ্যালঘু ভোটের সমীকরণ মাথায় রেখে মিমের সঙ্গে যোগাযোগ করল সিপিএম—যা নতুন করে জল্পনা উসকে দিয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, ‘অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন’ বা মিমের রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে সিপিএম নেতৃত্বের ঘনিষ্ঠ মহল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ এক ব্যক্তিই এই যোগাযোগ করেছেন বলে জানা যাচ্ছে।

মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিপিএম নেতৃত্বের সঙ্গে সরাসরি বসে কথা বলতে চান। তাঁর কথায়, “আমার কাছে ফোন এসেছিল। তখন আমি সভায় ছিলাম। সিপিএমের সঙ্গে নিশ্চয়ই বসব। জানতে চাইব, ওরা কী চায়। কলকাতা বা মুর্শিদাবাদ—যেখানে চাইবে, সেখানেই বসতে রাজি আছি।”

তবে জোট হবে কি না, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। আগে সিপিএমের প্রস্তাব শুনতে চান বলেই জানিয়েছেন।

অন্যদিকে, মালদহ ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বেশ কিছুদিন ধরেই সক্রিয় মিম। নিয়মিত সভা-মিছিল করে সংগঠন মজবুত করার চেষ্টা চলছে আসাদউদ্দিন ওয়াইসির দলের তরফে।

উল্লেখযোগ্য, জনতা ইউনাইটেড পার্টি গঠনের পর হুমায়ুন কবীরও মিমের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছিলেন। এখন সেই মিমের সঙ্গেই যোগাযোগ করল সিপিএম। ফলে জোট রাজনীতির অঙ্ক আরও জটিল হয়ে উঠছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তবে এই যোগাযোগ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি সিপিএম। ফলে জোটের চূড়ান্ত ছবি এখনও অস্পষ্টই রয়ে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত