নজরবন্দি ব্যুরোঃ করোনার বলি দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। ১৯৩০ সালে মুম্বইয়ের এক পার্সি পরিবারে জন্ম, সেখান থেকেই শুরু উড়ানের। নিজের কেরিয়ার জীবন শুরু করেন বম্বে হাই কোর্টের আইনজীবী হিসেবে তারপর ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন। থামেনি উড়ান।
আরও পড়ুনঃ শেষ হয়েছে ভ্যাকসিন, মুম্বাইয়ে ৩ দিন বন্ধ টিকাকরণ
১৯৮৯ সালে সোরাবজি যোগ দান করেন দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে। প্রথম দফায় মাত্র ১ বছর দায়িত্বভার সামলেছিলেন তিনি। তার পর দ্বিতীয় দফায় ১৯৯৮ সালে ফের এই দায়িত্ব নেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। মানবাধিকার সংক্রান্ত মামলাগুলিতে বাকস্বাধীনতার গুরুত্ব বোঝাতে সকলকে ছাড়িয়ে গিয়েছিলো তাঁর যুক্তি।
তাঁর পেশাগত জীবনের অনেকটাই তিনি ব্যয় করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার রক্ষার জন্য। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সোরাবজি। ১৯৯৭ সালে রাষ্ট্রসঙ্ঘের তরফে তাঁকে নাইজেরিয়ার বিশেষ প্রতিভূ হিসাবেও নিয়োগ করা হয় তাঁকে। ২০০২-এর মার্চ মাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ পান তিনি।
করোনার বলি দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। বয়স হয়েছিল ৯১ বছর। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শরীরে থাবা বসিয়েছিল করোনার ভাইরাস। সংক্রমিত হওয়ার পর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ, শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। সোরাবজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার রাজ্যপালও।



