নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। তবে এবার ফের শক্তি ফিরছে করোনার। এক ধাক্কায় ফের বাড়ল মৃতের সংখ্যা।
আজ স্বাস্থ্য ও পরিবারকল্যান দফতরের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। পাশাপাশি দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭০ জন। সেইসঙ্গে ০.০৩ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে অ্যাকটিভ কেসের হার।
তবে সকলকে চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান গিয়েছে ২৬ জনের। গতকাল যে সংখ্যাটি ছিল ১৯ জনের কাছাকাছি। যারফলে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রান গিয়েছে মোট ৫ লক্ষ ২১ হাজার ৭৩৬ জনের। অপরদিকে কিছুটা স্বস্তি দিয়েছে সুস্থতার হার।
শক্তি ফিরছে করোনার, বেড়েছে মৃতের সংখ্যা

পরিসংখ্যান বলছে, করোনার থাবা থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন। যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮১ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে ৯৮.৭৬ শতাংশের কাছাকাছি এসেছে দেশের সুস্থতার হার। তবে বিগত কয়েকদিনের নিরিখে আজ অনেকটাই বাড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।




