নজরবন্দি ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দাতিয়া (Datia) বিধানসভা উপনির্বাচনে শেষ হাসি হাসল কংগ্রেস। ১৫ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং (Ghanshyam Singh) বিজেপির আশুতোষ তিওয়ারি (Ashutosh Tiwari)-কে ৬,০১৬ ভোটে পরাজিত করে আসনটি দখল করেছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত গণনা অনুযায়ী, ঘনশ্যাম সিং পেয়েছেন ৬৬,৭৫৭ ভোট, আর বিজেপি প্রার্থী অশুতোষ তিওয়ারির ঝুলিতে এসেছে ৬০,৭৪১ ভোট।
এই উপনির্বাচনে শুরুতে বিজেপি এগিয়ে থাকলেও কয়েক রাউন্ড পর থেকেই পাল্টাতে শুরু করে সমীকরণ। মাঝপথে লিড দখল করেন ঘনশ্যাম সিং এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করেন। শেষ রাউন্ডের পর কংগ্রেসের জয়ের ব্যবধান দাঁড়ায় ৬,০১৬ ভোট।
দাতিয়া আসনটি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে এই আসনে কংগ্রেসের জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। একই সঙ্গে বিজেপির জন্য এই ফল নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একই দিনে অনুষ্ঠিত তিনটি বিধানসভা উপনির্বাচনের ফলাফলে দেখা গেল, গুজরাটের মাঞ্জলপুরে বিজেপি আসন ধরে রাখতে সক্ষম হলেও বিহারের বাঁকিপুরে জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোরের কাছে পরাজিত হয়েছে বিজেপি। দাতিয়াতেও কংগ্রেসের কাছে আসন হারিয়ে তিনটি উপনির্বাচনের মধ্যে মাত্র একটি আসন নিজেদের দখলে রাখতে পারল গেরুয়া শিবির।



