1st মার্চ, 2026 (রবিবার) - 1:29 অপরাহ্ন
29 C
Kolkata

যুদ্ধের ছায়ায় ধাক্কা! ৩১ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডার এখন কত?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব জ্বালানির বাজারে। ১ মার্চ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বেড়ে ১৮৭৫.৫০ টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হতেই তার প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। মাসের প্রথম দিনেই বড় ধাক্কা—১ মার্চ থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক লাফে ৩১ টাকা বেড়েছে। ফলে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আন্তর্জাতিক উত্তেজনার আবহে এই বৃদ্ধি ভবিষ্যতে আরও চাপ তৈরি করতে পারে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম ঘোষণা করে। কখনও কমে, কখনও বাড়ে। তবে গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দামে ঊর্ধ্বগতি অব্যাহত। তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬-এ ১১১ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বৃদ্ধি হয়। মার্চের শুরুতেই আবার ৩১ টাকা বাড়ল।

কার উপর প্রভাব বেশি?

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং পরিষেবা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। ফলে এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে খাবারের দামে। রেস্তরাঁ মালিকদের আশঙ্কা, কাঁচামালের বাড়তি খরচের সঙ্গে জ্বালানির এই বৃদ্ধি ব্যবসার ব্যয় আরও বাড়াবে।

ঘরোয়া গ্যাসে স্বস্তি

তবে আপাতত স্বস্তির খবর, ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় তা এখনও ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে।

কেন বাড়ছে দাম?

দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা বিবেচনা করে পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণ করে। বর্তমানে আমেরিকা–ইজরায়েল ও ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তবে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দামে আরও চাপ পড়তে পারে।

সামনের দিনগুলোয় বিশ্ববাজারের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করবে জ্বালানির ভবিষ্যৎ মূল্য। আপাতত মার্চের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading