FIR-গ্রেফতার কেন? কেন্দ্র প্রতিশ্রুতি না মানলে আবার আন্দোলন, কড়া হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির!

নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ধৃত ছাত্রদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন এফআইআর না করার দাবিতে কেন্দ্রকে কড়া বার্তা দিল ককরোচ জনতা পার্টি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লি: নিট আন্দোলন ঘিরে নতুন করে কেন্দ্রের উপর চাপ বাড়াল ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনের স্পষ্ট বার্তা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার, ধৃত ছাত্রদের মুক্তি এবং ভবিষ্যতে আর কোনও মামলা হবেনা, কেন্দ্রের দেওয়া এই প্রতিশ্রুতি না মানা হলে ফের আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করার দাবি তুলেছে সংগঠন।

সোমবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) জানান, দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিজেপি (BJP) বা এনডিএ (NDA) শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আটক পড়ুয়া ও আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।

রাঙ্কার বলন, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যন্তর মন্তর (Jantar Mantar) বা দেশের অন্য প্রান্তে বিক্ষোভে অংশ নেওয়া কোনও ছাত্র বা স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে সংগঠন আবারও পথে নামবে বলে সতর্ক করেছে।

এর আগে সংগঠনের আরেক মুখপাত্র সৌরভ দাস (Saurav Das) এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, অসম, পশ্চিমবঙ্গ ও বিহার-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের আটক ও গ্রেফতারের খবর সামনে আসছে। তাঁর বক্তব্য, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সিজেপি এবং কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছ থেকে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ আশা করছে তারা।

নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-ও। সংগঠনের জাতীয় সভাপতি নেহা বোরা (Neha Bora) অভিযোগ করেন, সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিহারে এখনও বহু ছাত্র জেলে রয়েছেন। প্রতিবাদে অংশ নেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে আন্দোলন প্রত্যাহারের পর সিজেপির কয়েকজন নেতার উদযাপনের ভিডিও ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের পর সংগঠনের কয়েকজন সদস্যকে নাচতে ও উদযাপন করতে দেখা যায় বলে দাবি ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে সমালোচনা শুরু হয়।

সমালোচনার জবাবে সৌরভ দাস বলেন, নতুন প্রজন্মের আন্দোলনের ধরনকে অনেকেই বুঝতে পারছেন না। তাঁর বক্তব্য, প্রতিবাদ মানেই সব সময় এক ধরনের আচরণ নয়। গান, নাচ বা স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়েও আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব। এটাই বর্তমান প্রজন্মের আন্দোলনের ভাষা বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে নিট প্রশ্নফাঁস আন্দোলন ঘিরে আইনি লড়াই এবং রাজনৈতিক চাপ এখনও অব্যাহত। এফআইআর প্রত্যাহার ও ধৃতদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতিশ্রুতি দিলেও তা এখন পর্যন্ত রাখা হয়নি। এখন কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, তার উপরই আগামী দিনে ককরোচ জনতা পার্টির পরবর্তী কর্মসূচি নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন