আজ ক্রিসমাস ইভ। রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর। আর সেই উৎসবের আনন্দে এবার বাড়তি খুশির কারণ—ফিরছে শীতের স্বস্তি। গত তিন সপ্তাহ ধরে কলকাতায় রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে, যা বড়দিনের আগে শীতের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
শুধু রাতই নয়, মঙ্গলবার দিনের তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। ফলে শহরবাসীর বড়দিনে শীতের অনুভূতি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আবহাওয়াবিদদের মতে, উত্তুরে শুষ্ক হাওয়ার দাপটের জেরেই পারদ নামছে ধীরে ধীরে।


আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বঙ্গোপসাগরে কোনও নতুন নিম্নচাপ বা ঝঞ্ঝার সম্ভাবনা নেই। ফলে রাজ্যজুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক। এই শুষ্ক আবহাওয়াই তাপমাত্রা আরও কমাতে সাহায্য করবে। বৃষ্টি না থাকায় শীতের দাপট ধীরে ধীরে বাড়বে বলেই পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে কী ছবি
বড়দিনের আগে দক্ষিণবঙ্গের মানুষ ভালোই ঠান্ডার অনুভূতি পাবেন। কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও অতি ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার থেকে পারদ আরও ২–৩ ডিগ্রি কমে ১৩ ডিগ্রির নীচে নামতে পারে।
এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে শীতল দিন ছিল গত রবিবার। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের আশঙ্কা, চলতি সপ্তাহেই সেই রেকর্ড ভেঙে যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে পারদ থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে।


উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কিছু কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে পারদ নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রিতে। উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলায় তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আনুমানিক ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সবচেয়ে বড় সতর্কতা কুয়াশা নিয়ে। আগামী দু’-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়তে পারে সড়ক ও রেল চলাচলে। এমনকি বাগডোগরা বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে, বড়দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের আবহাওয়া উপভোগ করার সুযোগ রয়েছে। পারদ আরও নামতে পারে, সঙ্গে থাকবে কুয়াশার ভেলকি। উৎসবের আনন্দে বেরোনোর আগে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।







