নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে দুটি মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলার ফাইল ফেরত চাওয়া হল। জানা গেছে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Aparupa Poddar: অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট, আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ


গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা সরিয়ে নেওয়ার জন্য। সোমবার সেই নিয়োগ মামলার ফাইলই চেয়ে পাঠানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার ফাইল চেয়ে পাঠানো হয়েছে বিচারপতির কাছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসার পরেই সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি।
ফেরত চাওয়া হল অভিষেকদের মামলার ফাইল, সিদ্ধান্ত প্রধান বিচারপতির

সেই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার সংক্রান্ত বিতর্কেই নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা সরানোর নির্দেশ এবং তাঁর দেওয়া দু’টি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে দু’টি মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে বলেছে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমেন নন্দী এবং অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার। সাক্ষাৎকারের প্রতিলিপি দেখার পরেই হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই মামলার বাকি শুনানি অন্য কোনও বিচারপতির হাতে দেবেন। এবার ফেরত চাওয়া হল অভিষেকদের মামলার ফাইল। আর শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।









