বাংলায় কেমিক্যাল পার্কের দাবি! সিঙ্গুর, দুর্গাপুর-সহ ৪ জায়গার প্রস্তাব, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি শমীক ভট্টাচার্যের

কেন্দ্রের BHAVYA প্রকল্পে বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে সিঙ্গুর, হলদিয়া, দুর্গাপুর ও রঘুনাথপুরের প্রস্তাব দিলেন শমীক ভট্টাচার্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন শিল্পায়নের লক্ষ্যে বড় উদ্যোগের প্রস্তাব দিলেন বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। কেন্দ্রের ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন (BHAVYA)’ প্রকল্পের আওতায় রাজ্যে একটি আধুনিক কেমিক্যাল পার্ক (Chemical Park) গড়ে তোলার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে সম্ভাব্য স্থান হিসেবে সিঙ্গুর, হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুর-এর নামও উল্লেখ করেছেন।

শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গে একটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরি হলে রাজ্যে বড় শিল্প বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে এবং উৎপাদন-ভিত্তিক শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হবে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ জরুরি বলেও তিনি উল্লেখ করেছেন।

চিঠিতে তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেছেন, কেমিক্যাল পার্কের জন্য দ্রুত উপযুক্ত জমি চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও শুরু করতে। যদিও তিনি কয়েকটি নির্দিষ্ট এলাকার নাম প্রস্তাব করেছেন, তবুও রাজ্যের কাছে আরও উপযুক্ত কোনও জায়গা থাকলে সেটিও বিবেচনা করার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন (BHAVYA)’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিতে হবে ৫০০ কোটি টাকা, পাশাপাশি প্রায় ২,০০০ একর জমি-র ব্যবস্থা করতে হবে।

এই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে একটি কেমিক্যাল পার্কের বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর মতে, কেন্দ্রের প্রস্তাবিত তিনটি পার্কের মধ্যে একটি বাংলায় হলে রাজ্যের শিল্পোন্নয়নে বড় পরিবর্তন আসতে পারে।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে অন্তত ১,৫০০ কোটি টাকার শিল্প পরিকাঠামো গড়ে উঠতে পারে। এর ফলে কেমিক্যাল শিল্পের পাশাপাশি নির্মাণ, লজিস্টিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME)-এ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষি ও অটোমোবাইল শিল্পও সরাসরি উপকৃত হতে পারে।

শুধু শিল্প বিনিয়োগ নয়, আধুনিক কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP) এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগও তৈরি হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে শমীক ভট্টাচার্য রাজ্য সরকারকে একটি আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, আগে থেকেই ২,০০০ একর জমির নথি প্রস্তুত রাখা, আগামী বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা এবং কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রোরসায়ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে আবেদন প্রস্তুত করা জরুরি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই চিঠির অনুলিপি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় এবং শিল্প দফতরের সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এখন দেখার, কেন্দ্রের উচ্চাভিলাষী কেমিক্যাল পার্ক প্রকল্পে পশ্চিমবঙ্গ আবেদন করে কি না এবং করলে সিঙ্গুর, দুর্গাপুর, হলদিয়া বা রঘুনাথপুরের মধ্যে কোন এলাকা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন