জিমেল ব্যবহারকারীদের জন্য নতুন বছরের শুরুতেই বড় সুখবর। দীর্ঘ ২০ বছর পর অবশেষে এমন এক ফিচার আনছে Google, যার ফলে পুরনো সব তথ্য অক্ষুণ্ণ রেখেই বদলে ফেলা যাবে Gmail-এর ঠিকানা। শুধু তাই নয়, পুরনো ও নতুন—দু’টি আইডিতেই একসঙ্গে মেল পাবেন ব্যবহারকারীরা। ছবি, ফাইল, পুরনো ইমেল কিংবা সাবস্ক্রিপশন—কিছুই হারাবে না। বহু দিনের পুরনো ‘অস্বস্তিকর’ জিমেল অ্যাড্রেস নিয়ে আর চিন্তা করতে হবে না বলেই জানাচ্ছে গুগ্ল।
এত দিন একবার জিমেল আইডি তৈরি হলে তা বদলানোর কোনও উপায় ছিল না। অনেকের ক্ষেত্রেই কৈশোরে তৈরি করা অদ্ভুত বা অনানুষ্ঠানিক নামের জিমেল ঠিকানা পরবর্তী জীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত। কর্মজীবনে বাধ্য হয়ে আলাদা অ্যাকাউন্ট খুলতেন বহু ব্যবহারকারী। তবে গুগ্লের নতুন আপডেট সেই সমস্যারই স্থায়ী সমাধান আনতে চলেছে। গুগ্ল সাপোর্ট পেজে জানানো হয়েছে, পুরনো ডেটা না মুছেই এবার জিমেল ঠিকানা পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।


উল্লেখযোগ্য বিষয় হল, এই আপডেটটি প্রথম নজরে আসে ‘গুগ্ল পিক্সেল হাব’ টেলিগ্রাম গ্রুপে। আপাতত গুগ্ল সাপোর্ট পেজের হিন্দি সংস্করণে এই তথ্য দেখা যাচ্ছে। তবে খুব শীঘ্রই অন্যান্য ভাষার সংস্করণ এবং সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই ফিচার পৌঁছে যাবে বলেই ইঙ্গিত।

কী ভাবে বদলাবেন জিমেল ঠিকানা?
প্রথমে myaccount.google.com-এ গিয়ে নিজের গুগ্ল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
এর পর ‘Personal Information’ বা ‘ব্যক্তিগত তথ্য’ অপশনে ক্লিক করতে হবে।
‘Contact Information’-এর অধীনে থাকা ‘Email’ বিভাগে গিয়ে ‘Google Account Email’-এ ঢুকতে হবে।
সেখানে যদি ‘Edit’ অপশন দেখা যায়, তা হলে নতুন জিমেল ঠিকানা লিখে সেভ করলেই পরিবর্তন সম্পন্ন হবে।
(এই অপশন না থাকলে বুঝতে হবে, ফিচারটি এখনও আপনার অ্যাকাউন্টে চালু হয়নি। কিছু দিন অপেক্ষা করতে হবে।)


নতুন ব্যবস্থায় জিমেল ঠিকানা বদলানোর পরেও পুরনো আইডিটি সক্রিয় থাকবে। পুরনো ও নতুন—দু’টি ঠিকানাতেই মেল আসবে। একই সঙ্গে এই দুই আইডি ব্যবহার করেই Google Maps, YouTube, Google Play বা Google Drive-সহ গুগ্লের সব পরিষেবায় সাইন ইন করা যাবে। ব্যবহারকারীর সমস্ত ফাইল, ছবি, সাবস্ক্রিপশন এবং সেটিংস আগের মতোই অক্ষত থাকবে।
তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। পছন্দ হলেই যে কোনও জিমেল ঠিকানা নেওয়া যাবে, তা নয়। যদি অন্য কোনও ব্যবহারকারী আগেই সেই ঠিকানা ব্যবহার করে থাকেন, তা হলে সেটি পাওয়া যাবে না। এছাড়া, ১২ মাসে মাত্র একবারই জিমেল ঠিকানা বদলানোর অনুমতি মিলবে। সব মিলিয়ে একজন ব্যবহারকারী জীবনে সর্বোচ্চ তিন বার নতুন জিমেল ঠিকানা তৈরি করতে পারবেন। অর্থাৎ, পুরনোটি ধরে মোট চারটি জিমেল ঠিকানা থাকবে। একবার নতুন ঠিকানা নেওয়ার পর সেটি আর মুছে ফেলা যাবে না।
সব মিলিয়ে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গুগ্লের এই নতুন সিদ্ধান্ত জিমেল ব্যবহারকারীদের কাছে বড় স্বস্তির খবর বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।







