আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে যখন উত্তাল গোটা দেশ, ঠিক একই সময়ে এই মেডিকেল কলেজে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন আখতার আলি নামে এক চিকিৎসক। কলকাতা হাই কোর্টের সেই বিষয়ে দায়ের হয় একটি মামলাও। তিনি দাবি করেছিলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে দিয়ে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করাতে। তবে, শুক্রবার আদালত সিবিআইকে আরজি করের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার তুলে দিল।
আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই শিরোনামে সন্দীপ ঘোষ। তিনি হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন আখতার আলি। অভিযোগ, হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ পাচার করতেন তিনি, ড্রাগ পাচার করতেন। পাশাপাশি, পড়ুয়াদের পাশ-ফেল করানোর ক্ষেত্রেও নাকি মোটা অঙ্কের টাকা নিতেন সন্দীপ। আরজি করের এই যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এবার সিবিআই।
আদালতের তরফে, শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে এই আর্থিক দুর্নীতি মামলার সমস্ত তথ্য হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। পাশাপাশি, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, আগামী ৩ সপ্তাহের (৭ সেপ্টেম্বর) মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরেই রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিট। আজ সেই সিট-কেও কার্যত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।



