নজরবন্দি ব্যুরোঃ নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। শুক্রবারেই তাঁকে আদালতে পেশ করে সিবিআই। এদিন চন্দন মণ্ডলকে চার দিনের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। আগামী সোমবার অবধি হেফাজতে থাকতে হবে তাঁকে। এদিন তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে চন্দনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আদালত থেকে বের হওয়ার সময় বলেন, উপেন বিশ্বাসের পরিকল্পনা সফল হয়েছে।
এদিন আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, তদন্তে কোনরকম সহযোগীতা করেননি চন্দন মণ্ডল। বরং বারবার অন্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে চন্দন মণ্ডলের আইনজীবীর তরফে বলা হয়েছে, চন্দন মণ্ডল পেশায় একজন শিক্ষক। কোনও এক প্রভাবশালী ব্যক্তি যিনি প্রথমে চন্দন মণ্ডল সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তিনি চন্দন মণ্ডলকে গ্রেফতার করিয়েছেন।

সিবিআইয়ের তরফে বলা হয়েছে, সঠিকপথে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চন্দন মণ্ডল সম্পর্কে একাধিক তথ্য তাঁদের হাতে এসেছে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা যেতেন চন্দন মণ্ডলের বাড়িতে। তাঁদের সমস্ত তথ্য নিয়ে কোনও এক প্রভাবশালী নেতার কাছে পাঠানো হত। এখন চন্দন সম্পর্কে সেই তথ্য হাতে পেয়েছে সিবিআই। একাধিক অযোগ্যদের চাকরি দিয়েছেন তিনি। সেই অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে বলে জানা গেছে।
অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে চন্দনের ভূমিকা গুরুত্বপূর্ণ, জানালেন সিবিআই

শুক্রবার নিজাম প্যালেসে একাধিক তথ্যকে সামনে রেখে চলে জিজ্ঞাসাবাদ। চন্দনের তরফে সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে কী কোনও প্রভাবশালী নেতার নাম উঠে আসতে পারে? প্রশ্ন উঠছে একাধিক মহলে।



