নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর সম্পত্তির হদিশ পেতে ফের তৎপর সিবিআই। শুক্রবার অনুব্রত কন্যা সুকন্যাকে নোটিশ সিবিআইয়ের। একইসঙ্গে অনুব্রত মণ্ডলের রাঁধুনিকে ডেকে পাঠিয়েছে সিবিআই। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের রাঁধুনির অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে। সেই লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে।


গরি পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গত ১১ অগাস্ট গ্রেফতার করেছে সিবিআই। তখন থেকেই অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির খুঁজে বেড়াচ্ছে সিবিআই। তাই অনুব্রত ঘনিষ্ঠ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে নিয়মিত ডাকা হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের।

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্য নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হলে অনুব্রত প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন বলেই জানা গেছে। তাই চলতি মাসেই অনুব্রত কন্যা, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে বোলপুরের নীচুপট্টির বাড়িতে উপস্থিত হয়েছিল সিবিআই। কিন্তু সেবারেই একাধিক প্রশ্ন এড়িয়ে যান তিনি। হিসেবরক্ষক মনীশ কোঠারির দিকে বল ঠেলে দিয়েছেন তিনি।
কিন্তু সামান্য একজন স্কুল শিক্ষক হয়ে কীভাবে কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সুকন্যা? কিভাবে একাধিক রাইস মিল তাঁর নামে করা হল? একইসঙ্গে ভারত সেবাশ্রমের জমি কীভাবে সুকন্যার নামে হস্তান্তরিত হয়েছে? সুকন্যার নামে আর কোনও সম্পত্তি রয়েছে? সবটা জানতে চায় তদন্তকারী অফিসাররা।


অনুব্রত কন্যা সুকন্যাকে নোটিশ, গরু পাচার মামলায় ফের তৎপর সিবিআই

এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। দীর্ঘ সময় ধরে হেফাজতে থাকা সায়গলের পরিবারের একাধিক জনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি সায়গল হোসেনের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিবিআই।







