নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচারে মুর্শিদাবাদ জেলায় আসছেন না তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে এই দুই কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায়।
আরও পড়ুনঃ রাজনীতিতে কি আসছেন? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন কঙ্গনা রানাওয়াত!


মুর্শিদাবাদের ওই দুই আসনে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে যাবেন তৃণমূল নেত্রী এমনটাই কথা ছিল। কিন্তু শনিবার জানা গিয়েছে, ভোটের প্রচারে আর মুর্শিদাবাদে আসবেন না তিনি।
তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বলেন, ”রাজ্য নেতৃত্ব আমাদের জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে আসবেন না। তাই আমরা নিজেরাই প্রচারের কাজ চালাব। অবশ্যই রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো।”
তৃণমূল সূত্রে খবর, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই দুই আসনে প্রার্থীদের জন্য প্রচারে যাচ্ছেন না মমতা। কারণ নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের প্রচারে কোনও রকম জনসমাগম করা চলবে না। বড় প্রচার সমাবেশ কিংবা মিছিলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


ভোটের প্রচারে মুর্শিদাবাদে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী
আর মুখ্যমন্ত্রী প্রচারে গেলে জনসমাগম হবেই। সেই পরিস্থিতি এড়াতেই প্রচারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা, এমনটাই মত রাজনীতির বিশেষজ্ঞদের।







