নজরবন্দি ব্যুরো: মঙ্গলে অমঙ্গল! সাত সকালে ঘটল দুর্ঘটনা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ED-র তলবে সিজিও কমপ্লেক্সে এলেন কালীঘাটের কাকু! বিপদ বাড়ছে সুজয়কৃষ্ণের?
জানা যাচ্ছে, পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায়, বৈষ্ণোদেবী যাওয়ার জন্য রওনা দিয়েছিল একটি পর্যটকবোঝাই বাস। এরপরেই মঙ্গলবার ঘটনাটি ঘটে কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর। সেইখান থেকেই সোজা খাদে পরে যায় বাসটি। আর তাতেই প্রাণ হারান কমপক্ষে ১০ জন।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জাতীয় সড়কের উপর থেকে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। বাসটি মূলত ৭৫ জন পর্যটক নিয়ে অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী যাচ্ছিল। বাস খাদে পড়ে যাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এপ্রসঙ্গে জম্মু পুলিশ আধিকারিক জানান, বাস খাদে পরে যাওয়ার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের।

পুলিশ সূত্রের আরও খবর, আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, খাদে পড়ে যাওয়ায় ফলে বাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। উদ্ধারকাজ করতে নেমেছে সেনাবাহিনী।
খাদে পড়ল পর্যটকবোঝাই বাস, বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা




