টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধাক্কা ভারতের, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনার অবসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা । সরকারিভাবে ঘোষণার অপেক্ষা ছিল। অষ্টমীর সন্ধ্যায় সেটা করে দিল বিসিসিআই। পিঠের পুরনো চোট সারেনি। তবে টিম ইন্ডিয়ার সেরা জোরে বোলারের বিকল্প হিসেবে কে অস্ট্রেলিয়া উড়ে যাবেন, সেটা ঘোষণা করেনি  ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ ভারী বর্ষণে নবমীর আনন্দ মাটি হতে পারে! কী বলছে হাওয়া অফিস?

শুক্রবার থেকেই ভারতীয় পেসারকে নিয়ে সংশয় ডালপালা মেলেছিল। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। তবে বোর্ডের তরফে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপে বুমরাকে পাওয়ার ব্যাপারে আশায় ছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে কোচ রাহুল দ্রাবিড়ও।

তবে শেষপর্যন্ত আশঙ্কাই সত্যি প্রমাণ হল। অস্ট্রেলিয়ায় বুমরাকে ছাড়াই বিশ্বকাপের ব্লুপ্রিন্ট সাজাতে হবে রোহিত-দ্রাবিড়কে। এর আগে চোটের কবলে পড়ে এশিয়া কাপেও খেলা হয়নি তাঁর। গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরা। এরপর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফিট না হওয়ার জন্য এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধাক্কা ভারতের, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

সূত্র মারফত জানা গিয়েছে, শুধু ‘স্ট্রেস ইঞ্জুরি’ হলে ছ’সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। কিন্তু ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হলে ছ’মাসও লাগতে পারে। আবার শিরদাঁড়ার দু’পাশেই ফ্র্যাকচার হলে এক বছরও লেগে যেতে পারে। খুব সতর্ক থাকতে হবে চোট নিয়ে। তাড়াহুড়ো করে মাঠে নামলে ফের চোট লাগার আশঙ্কা থেকেই যাবে। ফলে নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে রাজি নন বুমরা। টিম ম্যানেজমেন্টও কোনও ঝুঁকি নিতে নারাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন