নির্ধারিত সময়সূচী মেনেই বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হল বিধানসভায়। আর রাজ্যের বিধানসভায় দেখা গেল ঐক্যের মেল্বন্ধন। ঠিক যে সৌজন্যের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস রেখেছিলেন আজীবন। সেই সৌজন্যই দেখা গেল আজ। এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষ স্তরের বাম নেতৃত্বরাও।
যেমনটা জানা গেছে বুদ্ধদেবের দেহ ঘিরেই দাঁড়িয়ে ছিলেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় , ফিরহাদ হাকিম ও সুজন চক্রবর্তীরা। অর্থাৎ বুদ্ধ বিদায়ের শেষ বেলায় একেবারে রাজনীতির উপরে গিয়ে ধরা দিল সৌজন্যের ছবি। এর আগে শেষ বার এই বিধানসভায় বুদ্ধদেব এসেছিলেন ২০১১ সালের জানুয়ারি মাসে। তবে নিঃসন্দেহে এভাবে আসেননি তিনি।


তবে জানা গেছে, বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে সাড়ে তিনটে পর্যন্ত দেহ শায়িত থাকবে। প্রায় সাড়ে তিনঘণ্টা পর একেবারে শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট ছাড়বেন পলিটব্যুরোর সদস্য। এরপর সাড়ে তিনটে নাগাদ দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে দেহ। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে। নতুন প্রজন্মই যে ভোর আনতে পারবে, তা বিশ্বাস করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।







