ক্রিকেট ও OTT প্রেমীদের জন্য বড় সারপ্রাইজ নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মাত্র ৪৯৯ টাকার নতুন অ্যাড-অন প্যাক চালু করে বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে সংস্থাটি। এক রিচার্জেই তিনটি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন— সঙ্গে লাইভ টি-২০ বিশ্বকাপ ও IPL ২০২৬ দেখার সুযোগ— গ্রাহকদের কাছে এই প্ল্যানকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।
BSNL তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন প্ল্যান ঘোষণা করেছে। ৪৯৯ টাকার এই অ্যাড-অন প্যাকের বৈধতা ৯০ দিন বা তিন মাস। এটি কোনও বিদ্যমান BSNL রিচার্জ প্ল্যানের সঙ্গে সহজেই অ্যাক্টিভ করা যাবে।


এই প্যাকের সবচেয়ে বড় আকর্ষণ হল একসঙ্গে JioHotstar, SonyLIV এবং Zee5-এর সাবস্ক্রিপশন। ফলে ব্যবহারকারীরা একই প্ল্যানে লাইভ ক্রিকেট ম্যাচ, আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, ওয়েব সিরিজ, সিনেমা ও বিনোদনের বিস্তৃত কনটেন্ট উপভোগ করতে পারবেন। মোবাইল এবং স্মার্ট টিভি— দুই ডিভাইসেই একযোগে স্ট্রিমিং করার সুবিধাও থাকছে।
ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে JioHotstar-এ চলতি টি-২০ বিশ্বকাপ ও IPL ২০২৬-এর সমস্ত ম্যাচ লাইভ দেখা যাবে। পাশাপাশি SonyLIV-এ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা এবং Zee5-এ সিনেমা ও সিরিজের বড় লাইব্রেরি পাওয়া যাবে।
এর পাশাপাশি BSNL সম্প্রতি ২৬২৬ টাকার একটি দীর্ঘমেয়াদি প্ল্যানও চালু করেছে, যার বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে রয়েছে দেশজুড়ে আনলিমিটেড ভয়েস কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, প্রতিদিন ২.২৬ জিবি ডেটা এবং ১০০টি SMS সুবিধা। অফারটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উপলব্ধ।


নেটওয়ার্ক উন্নয়নের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে BSNL। কেন্দ্রীয় বাজেটে সংস্থার ৪জি ও ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ১ লক্ষ নতুন ৪জি/৫জি টাওয়ার বসানো হয়েছে এবং আরও সম্প্রসারণ চলছে।
এছাড়াও BSNL ব্যবহারকারীরা এখন VoWiFi বা ভয়েস ওভার ওয়াই-ফাই সুবিধাও পাচ্ছেন, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও ইন্টারনেট ব্যবহার করে পরিষ্কার ভয়েস কল করা সম্ভব। জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর এবার এই পরিষেবা চালু করল BSNL।







