ব্রাজিলের বিশ্বকাপ দল প্রায় তৈরি, ২০২৬-এর মিশনে নেইমারের জায়গা অনিশ্চিত?

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত। মে মাসে দল ঘোষণা করতে পারেন অ্যানচেলোত্তি। তবে দীর্ঘ চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপের আর মাত্র চার মাস বাকি। ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ, আর তার আগেই দল গুছিয়ে নিতে ব্যস্ত প্রতিটি শক্তিশালী দেশ। ব্যতিক্রম নয় ব্রাজিলও। কিন্তু সব পরিকল্পনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে ব্রাজিলের পোস্টার বয় নেইমার-কে? ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি-র সাম্প্রতিক মন্তব্য সেই সংশয়ই আরও ঘনীভূত করেছে।

ব্রাজিল শিবির সূত্রে খবর, আগামী মে মাসেই ২৬ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন অ্যানচেলোত্তি। তার মধ্যে ১১ জন ফুটবলারের জায়গা কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই কোর গ্রুপকে কেন্দ্র করেই ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা এগোচ্ছে। তালিকায় রয়েছেন গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্ডার মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস, মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস ও কাসেমিরো এবং আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। এই নামগুলিই ইঙ্গিত দিচ্ছে, ‘হেক্সা’ জয়ের ছক কেমন হতে চলেছে ব্রাজিলের।

এই প্রায় নিশ্চিত তালিকা প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—তাহলে নেইমারের জায়গা কোথায়? বাস্তবতা হল, ২০২৩ সাল থেকেই চোট সমস্যায় ভুগছেন ব্রাজিলের এই তারকা। গত জানুয়ারিতে নিজের পুরনো ক্লাব স্যান্টোসে ফিরলেও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। দলের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমেছিলেন, যা ঝুঁকি আরও বাড়িয়েছে। স্যান্টোসের হয়ে ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেও অস্ত্রোপচারের পর আগের মতো ফিট হয়ে ওঠা বিশ্বকাপের আগে কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অ্যানচেলোত্তিও বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, “শুধু সম্পূর্ণ ফিট ফুটবলাররাই বিশ্বকাপে সুযোগ পাবে।” এই এক লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে নেইমারের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত। কারণ, ব্রাজিলের হয়ে শেষবার তিনি খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় ম্যাচ ফিটনেস ও ধারাবাহিকতা—দু’দিকেই পিছিয়ে তিনি।

যদিও ১১ জনের জায়গা প্রায় পাকা হয়ে গেলেও বাকি ১৫টি জায়গার জন্য লড়াই এখনও খোলা। সেই তালিকায় নেইমারের নাম শেষ পর্যন্ত ঢুকবে কি না, তা নির্ভর করছে একটাই বিষয়ের উপর—বিশ্বকাপের আগে তিনি কতটা দ্রুত এবং কতটা সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন। আপাতত ব্রাজিল শিবিরে জল্পনা তুঙ্গে, আর সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—নেইমার ছাড়া কি সত্যিই বিশ্বকাপে নামবে ব্রাজিল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত