‘ফিরবেন কি না বলুন, এটাই শেষ সুযোগ’—বিজয় মাল্যকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের

ভারতে না ফিরলে আবেদন শোনা হবে না—বিজয় মাল্যকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের। ‘শেষ সুযোগ’ দিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে নির্দেশ আদালতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পলাতক শিল্পপতি বিজয় মাল্যকে নিয়ে ফের কড়া অবস্থান নিল বম্বে হাইকোর্ট। আদালতের স্পষ্ট বার্তা—ভারতে ফিরতে চান কি না, তা জানাতে হবে, নইলে তাঁর আবেদন শোনা হবে না। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এটি মাল্যর জন্য ‘শেষ সুযোগ’।

বৃহস্পতিবার বিচারপতি অলোক আরাধে ও বিচারপতি গৌতম আঙ্খারের ডিভিশন বেঞ্চে শুনানির সময় এই মন্তব্য করা হয়। আদালতের পর্যবেক্ষণ, বিজয় মাল্য দীর্ঘদিন ধরে ভারতের আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে তিনি আইনি সুবিধা পাওয়ার অধিকারী নন।

উল্লেখ্য, Vijay Mallya-কে Fugitive Economic Offenders Act অনুযায়ী ‘পলাতক আর্থিক তছরুপকারী’ ঘোষণা করা হয়েছে। এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিলেন তিনি। সেই মামলার শুনানিতেই হাইকোর্টের এই কড়া অবস্থান সামনে আসে।

আদালত আগেই জানিয়ে দিয়েছিল, মাল্য যদি ভারতে ফিরে এসে আইনের সামনে দাঁড়ান, তবেই তাঁর আবেদন বিবেচনা করা হবে। বৃহস্পতিবারের শুনানিতেও বেঞ্চ জানায়, তিনি দেশে না ফিরলে আদালত তাঁর মামলা শুনবে না।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আদালত স্পষ্ট করে বলেছে—যদি মাল্য ভারতে না ফেরেন, তবে তাঁর আবেদন খারিজ করা হতে পারে। আদালতের প্রক্রিয়া এড়িয়ে গিয়ে আইনি সুবিধা নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, পলাতক হিসেবে ঘোষিত হওয়ার পরেই মাল্য এই আইনকে চ্যালেঞ্জ করেছেন। লন্ডন থেকে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া জোরদার হতেই এই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তুষার মেহতার বক্তব্য, মাল্য চাইলে যে কোনও সময় ভারতে ফিরে এসে এখানেই আইনি লড়াই চালাতে পারেন। এখন নজর, আদালতের এই ‘শেষ সুযোগ’-এর জবাবে কী সিদ্ধান্ত নেন পলাতক শিল্পপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন