দিল্লির স্কুলে বোমাতঙ্ক! ৪০টিরও বেশি প্রতিষ্ঠানে ইমেল হুমকি, তদন্তে পুলিশ

বোমা নিষ্ক্রিয় করতে ২৫ লাখ টাকার দাবি, দিল্লি পুলিশের তদন্তে উঠে এল হুমকির ইমেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির একাধিক স্কুলে সোমবার সকাল থেকে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত আরকে পুরম এবং পশ্চিম বিহারের দুটি স্কুলে হুমকির ইমেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। তবে দিল্লি জুড়ে অন্তত ৪০টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

রবিবার গভীর রাতে বিভিন্ন স্কুলে ইমেল করে এই হুমকি পাঠানো হয়। সোমবার সকালে স্কুল খোলার পরেই বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর পাঠানো হয় এবং পড়ুয়াদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।

ইমেলের প্রেরক দাবি করেছেন যে, স্কুল চত্বরে ছোট ছোট বোমা লুকানো আছে। এই বোমাগুলি বিস্ফোরিত হলে ভবনের বড় ক্ষতি না হলেও অনেকে আহত হতে পারেন। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার বা প্রায় ২৫ লাখ ৪১ হাজার টাকা দাবি করেছেন ইমেলের প্রেরক।

দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ইমেলের আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রেরককে চিহ্নিত করার চেষ্টা চলছে। সত্যিই বোমা রাখা আছে, নাকি এটি ভুয়ো হুমকি, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। সম্প্রতি দিল্লির প্রশান্ত বিহারে একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রোহিণীর একটি স্কুলেও একই ধরনের বোমাতঙ্কের সৃষ্টি হয়। তবে সেসব ক্ষেত্রে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

দিল্লির প্রতিটি স্কুলে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে হুঁশিয়ার থাকতে বলা হয়েছে, এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক না ছড়ানোর জন্য পুলিশ বার্তা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত