নজরবন্দি ব্যুরোঃ হাতে আর একটা দিন। তারপরই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহিদ দিবস শুরু হয়ে যাবে। ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে মানুষ আসতে শুরু করেছে পিল পিল করে। এবার পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গেও ভাল ফল হয়েছে। তাই সেখান থেকে বেশি মানুষজন আসতে শুরু করেছেন।
নানা জেলায় প্রস্তুতি সভা হয়ে গিয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরও ২১ জুলাই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। এবার সেখানে বাধা হয়ে দাঁড়াতে চলেছে বিজেপি। আজ, কলকাতায় বিজেপির মিছিল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই রাস্তায় নামার ডাক দিয়েছেন।

শুভেন্দু যখন এই ঘোষণা করেন, তখন তাঁর পাশে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় সন্ত্রাস হয়েছে। ভোট গ্রহণ থেকে গণনা— সবেতেই হয়েছে কারচুপি। এই সব অভিযোগ তুলে বুধবার প্রতিবাদ মিছিল ডেকেছিল বিজেপি।
২১ জুলাইও পথে নামবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

কলকাতা পুলিশ মিছিলের অনুমতি না দিলেও সুকান্ত, শুভেন্দু, দিলীপের নেতৃত্বে দুপুরে মিছিল শুরু হয় কলেজ স্ট্রিট থেকে। মিছিল শুরুর আগে তিন নেতাই বক্তৃতা করেন। সেখানেই শুভেন্দু বলেন, ‘‘আগামী শুক্রবার ২১ জুলাই যেখানে যেখানে ভোটে সন্ত্রাস ও কারচুপি হয়েছে সেই সব জায়গায় বিডিও অফিস ঘেরাও করা হবে।’’ পরে সুকান্তও একই কর্মসূচির ডাক দেন।




