নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের নেতাকে নিয়ে দালালি করছেন। পোশাকটা খুলে ফেলুন। আপনি কতটা মায়ের দুধ খেয়েছেন দেখতে চাই। আপনার বিরুদ্ধে দিদির কাছে অভিযোগ করব। আপনাকে জেলের ভাত খাওয়াব। প্রকাশ্যে বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশীষ জৈনকে হুমকি বিজেপি নেতার।


সরাসরি অভিযোগ, বাঁকুড়ার জেলা বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনায় জীবন চক্রবর্তী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগ এনেছে পুলিশ। যার জেরে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
সূত্রের খবর, জল ধরো, জল ভরো প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। সেকারণেই জীবন চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার দুবরাজপুর মোড়ে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তা অবরোধ করে বিজেপির কর্মীদের একাংশ। পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি হয়। এরপরেই হুমকি দেন বিজেপি নেতা।



আইসির উদ্দেশ্যে তাঁর বার্তা, তৃণমূলের নেতাকে নিয়ে দালালি করছেন। পোশাকটা খুলে ফেলুন। আপনি কতটা মায়ের দুধ খেয়েছেন দেখতে চাই। আপনার বিরুদ্ধে দিদির কাছে অভিযোগ করব। আপনাকে জেলের ভাত খাওয়াব। এই আইসিকে পোশাক খুলে উলঙ্গ করব।
আপনাকে জেলের ভাত খাওয়াব, বিজেপি নেতা গ্রেফতার

বিজেপির তরফে দাবী করা হচ্ছে, এধরনের পথ অবরোধ কর্মসূচীর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। যারা অবরোধ করছিল তাঁরা কেউ বিজেপি পদাধিকারি নয়। বিজেপি এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। পাল্টা তৃণমূলের মন্তব্য, এটাই বিজেপির সংস্কৃতি।







