নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে এখনই বন দফতরের মন্ত্রিত্ব থেকে না সরানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত বন দফতর সামলাবেন সেই দফতরেরই প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসে মুখ্যমন্ত্রী এই রকমই সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন: মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী


প্রসংত, গত ২৭শে অক্টোবর রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে তিনি ইডি হেফাজতেই রয়েছেন। আগামী ১৩ই নভেম্বর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে এজেন্সি। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর থেকেই প্রশ্ন উঠেছিল যে এবার কি তাহলে বালুর থেকে মন্ত্রিত্ব কেড়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি তাকেই রেখে দেওয়া হবে মন্ত্রী পদে?

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর জানা গেল, জ্যোতিপ্রিয় মল্লিকই আপাতত অফিসিয়ালি বনদফতরের মন্ত্রী হিসেবে থেকে গেলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে দফতর সামলাবেন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।
গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ছয় দিনের মাথায় তাঁকে মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে বহিষ্কার করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি তৃণমূলের মনোভাব পার্থর সময়কালের থেকে আলাদা সেকথা স্পষ্ট। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বালুর গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন।



বালুর থেকে এখনই মন্ত্রিত্ব কাড়লেন না মমতা, বন দফতরের দায়িত্বে প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশি শেষে বাড়ি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ফের নিজেকে নির্দোষ দাবি করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
![]()







