জল্পনার অবসান! দিল্লির এআই সামিটে বক্তৃতা করছেন না বিল গেটস

দিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে শেষ মুহূর্তে বক্তৃতা বাতিল বিল গেটসের; এপস্টিন বিতর্কের আবহে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিত্বে মঞ্চে উঠবেন অঙ্কুর ভোরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লির বহুল আলোচিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-কে ঘিরে টানটান উত্তেজনার মাঝেই বড় ঘোষণা—Bill Gates সম্মেলনের মঞ্চে বক্তৃতা করছেন না। বৃহস্পতিবার সমাজমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে Gates Foundation। গেটসের পরিবর্তে সংস্থার আফ্রিকা ও ভারতের দফতরের প্রধান অঙ্কুর ভোরা প্রতিনিধিত্ব করবেন এবং নির্ধারিত সময়েই বক্তব্য রাখবেন।

সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে স্বাগত ভাষণ দেওয়ার কথা ছিল গেটসের। তবে ফাউন্ডেশনের পোস্টে জানানো হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেটস স্বাগতভাষণ দিচ্ছেন না।” একই সঙ্গে ভারতে স্বাস্থ্য ও উন্নয়নমূলক প্রকল্পে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Shamim Ahamed Ads

এই সিদ্ধান্তের নেপথ্যে বিতর্কের ছায়া রয়েছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। গত মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে দাবি করেছিল, দিল্লি নাকি গেটসকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে। এমনকি একটি রিপোর্টে বলা হয়, আমন্ত্রিতদের প্রকাশিত তালিকায় গেটসের নাম ছিল না। যদিও সেই দিনই ফাউন্ডেশনের এক মুখপাত্র জানিয়ে দেন, গেটস পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন।

বিতর্কের কেন্দ্রে রয়েছে সদ্যপ্রকাশিত তথাকথিত ‘এপস্টিন ফাইল’। কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein-এর সঙ্গে গেটসের যোগাযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রকাশিত ইমেলের ভিত্তিতে বিভিন্ন দাবি উঠলেও গেটস সেগুলি খারিজ করেছেন। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এপস্টিনের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেও ব্যক্তিগত সম্পর্ক বা অন্য অভিযোগ অস্বীকার করে বলেন, “ওঁর সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি অনুতপ্ত।”

কেন্দ্রীয় সূত্র উদ্ধৃত করে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, এপস্টিন-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতির বার্তা দিতেই আমন্ত্রণ পুনর্বিবেচনার ভাবনা চলছিল। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। ফাউন্ডেশনও সেই জল্পনা উড়িয়ে দেয়।

উল্লেখ্য, এআই সম্মেলনে যোগ দিতেই সোমবার ভারতে আসেন গেটস। তিনি অন্ধ্রপ্রদেশে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী N. Chandrababu Naidu এবং মন্ত্রী Nara Lokesh-এর সঙ্গে পরিকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন। দিল্লির সম্মেলনে তাঁর উপস্থিতি থাকলেও বক্তৃতা না-দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক আপাতত নতুন মাত্রা পেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত