খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ! বিহারে নীতীশ সরকারের কড়া নির্দেশ, নিয়ম ভাঙলেই জরিমানা

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ, লাইসেন্স বাধ্যতামূলক; নিয়ম ভাঙলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা ও দোকান বন্ধের কড়া নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরপ্রদেশের পর এবার বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল নীতীশ সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, লাইসেন্স ছাড়া মাংস বিক্রি তো দূরের কথা, দোকানে নির্দিষ্ট নিয়ম না মানলেও গুনতে হবে মোটা জরিমানা। জনস্বাস্থ্য ও ধর্মীয় সংবেদনশীলতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার নগর উন্নয়ন ও আবাস দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, খোলা জায়গায় মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা আগেই বিধানসভায় ঘোষণা করেছিলেন, ভবিষ্যতে কোনও পরিস্থিতিতেই খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না। সেই সিদ্ধান্তই এবার সরকারি নির্দেশিকায় কার্যকর হল।

নতুন নিয়ম অনুযায়ী, মাংস বিক্রি করতে হলে প্রত্যেক দোকানদারের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া বা খোলা জায়গায় মাংস বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নিয়ম ভাঙলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

শুধু লাইসেন্স থাকলেই চলবে না, দোকানের ভিতরে মাংস বিক্রির পদ্ধতিতেও আনতে হবে পরিবর্তন। নির্দেশিকা অনুযায়ী, দোকানে পর্দা বা কালো কাচ লাগাতে হবে, যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। রাস্তার ধারে ঝুলিয়ে বা খোলা অবস্থায় মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া স্কুল বা ধর্মীয় স্থানের কাছাকাছি মাংসের দোকান খোলা যাবে না বলেও জানানো হয়েছে। এই নিয়ম ভাঙলে দোকান বন্ধ করে দেওয়া হতে পারে। পাশাপাশি দোকানদারদের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিশেষ নজর দিতে হবে, যাতে পুরসভার গাড়ি সহজে তা সংগ্রহ করতে পারে।

সরকারের দাবি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং সাধারণ মানুষের অনুভূতির কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন