নজরবন্দি ব্যুরোঃ বিহার ভোটের দিন ঘোষণা। করোনা পরিস্থিতির মধ্যেই আজ বিহারের ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন । এতদিন অক্টোবর মাসেই কয়েক দফায় বিহারে নির্বাচন করা হবে বলে জানা গেছিল। আগামী ২৯ শে নভেম্বরের মধ্যে ২৪৩ সদস্যের নয়া বিধানসভার গঠন হয়ে যাওয়ার কথা। আজ বিহার ভোট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন , অতিমারীর দিকে লক্ষ্য রেখে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে। বুথের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সুরক্ষাবিধি মেনে নির্বাচনের জন্য ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিপিই কিট, ২৩ লক্ষ গ্লাভস এবং ৭ লক্ষ স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৫৮ লক্ষের গণ্ডি।
এছাড়াও ৮০ বছরের বেশি বয়সি ভোটারদের জন্য থাকছে পোস্টাল ব্যালট। ভোটগ্রহণের জন্য ১ ঘণ্টা বেশি সময় বরাদ্দ করতে হবে। মোট ১৮ লক্ষ ৮৭ হাজার পরিযায়ীর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে ১৬ লক্ষ ৬ হাজার ভোটার ভোট দিতে পারবেন। তবে প্রতিটি বুথে ১৫০০ ভোটারের পরিবর্তে ১০০০ ভোটারকে ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের পক্ষ থেকে।
উল্লেখ্য বিজেপির সঙ্গে জোট বেঁধে চতুর্থ বার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ কুমার। তাঁদের এনডিএ জোটে শামিল রয়েছে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চাও। বিরোধী জোট ছেডে় সম্প্রতি নীতীশের সঙ্গে হাত মেলান জিতন।
বিহার ভোটের দিন ঘোষণা। যৌথ ভাবে তাঁদের টক্কর দেবে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেস। পশুখাদ্য দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলবন্দি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তবে সেখানে বসেই তিনি রণকৌশল তৈরি করছেন বলে খবর। করোনা সঙ্কট সামাল দিতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রচার করতে প্রস্তুত হয়ে রয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব।



