বাংলা সিনেমায় সুপারস্টার নেই, দেব-কুণাল বিতর্কে এবার মন্তব্য ব্রাত্যর

দেব-কুণাল বাগযুদ্ধের মাঝে এবার ব্রাত্য বসুর বিস্ফোরক মন্তব্য। তাঁর দাবি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও সুপারস্টার নেই, সুপারস্টাররা নিজেদের দল গড়েন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা সিনেমায় সুপারস্টার নেই— দেব ও কুণাল ঘোষের বাগযুদ্ধের মাঝেই এমন দাবি করলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু। তাঁর মতে, যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি কখনও অন্য নেতার অধীনে রাজনীতি করেন না, বরং নিজস্ব দল গড়ে তুলতে সক্ষম হন।

ব্রাত্যের বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে যায় বিতর্ক। তিনি বলেন, “সুপারস্টার মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বাংলার রাজনীতির সুপারস্টার। তাঁর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্টার।” ফলে বাংলা সিনেমায় যে সুপারস্টারদের নিয়ে এত বিতর্ক, তা আসলে হাস্যকর এক কনস্ট্রাকশন।

শিক্ষামন্ত্রী উদাহরণ টেনে বলেন, “কমল হাসান, চিরঞ্জীবী বা তামিলনায়কের বিজয়ের মতো ব্যক্তিত্বরা সুপারস্টার। তাঁরা কারও অধীনে থেকে রাজনীতি করেননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা নিজেদের সুপারস্টার দাবি করে, সেটা কেবল দ্বিচারিতা।”

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন দুর্গাপুজোয় চারটি বড় বাংলা ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। দেবের ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’-এর মতো ছবিকে ঘিরে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে চাপানউতোর চলছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে অভিযোগ করেছেন, দেব প্রভাব খাটিয়ে বেশি প্রেক্ষাগৃহে বেশি শো পাচ্ছেন। এমনকি তাঁকে “মাফিয়া” বলেও কটাক্ষ করেছেন কুণাল।

অন্যদিকে, দেব নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন, “আমি কাউকে ছোট করে বড় হতে চাই না। শত্রু হোক বা বন্ধু—সবকিছুর জন্য যোগ্যতা লাগে। এখনও কেউ সেই জায়গায় পৌঁছায়নি যে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে।”

বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ব্রাত্য বসু। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাংলা সিনেমার ভাল অভিনেতা আছেন, স্টারও আছেন, কিন্তু সুপারস্টার নেই। কারণ প্রকৃত সুপারস্টার মানে এমন ব্যক্তি, যিনি নিজস্ব প্রভাব বলয়ে অন্যদের টেনে আনতে সক্ষম।

রাজনীতি ও সিনেমার এই মিশ্রণে নতুন মাত্রা যোগ করেছে ব্রাত্যের বক্তব্য। তিনি নিজেকে উদাহরণ হিসেবে টেনে বলেন, “আমি থিয়েটার করি, রাজনীতি করি, তারপর যদি বলি আমি সুপারস্টার, সেটা সবচেয়ে বড় দ্বিচারিতা।”

বর্তমানে বাংলা সিনেমা এক নতুন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। বড় বাজেটের ছবি, স্টারডম, রাজনীতির টানাপোড়েন—সব মিলিয়ে ইন্ডাস্ট্রি উত্তপ্ত। দেব-কুণাল বাগযুদ্ধের মধ্যে ব্রাত্যের এমন স্পষ্ট মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছেন সিনে মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন