ভোটের আগে ফের পুলিশের বড় রদবদল! জঙ্গিপুর-সহ ৩ জেলায় বদলি এসপি, কমিশনের নির্দেশেই পদক্ষেপ

বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে জঙ্গিপুর, বসিরহাট ও আলিপুরদুয়ারে এসপি বদলি। প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই পদক্ষেপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ভোটের ঠিক আগে রাজ্য পুলিশের একদফা রদবদল করা হল, বদলি করা হয়েছে জঙ্গিপুর, বসিরহাট এবং আলিপুরদুয়ার— এই তিন গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপারকে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই বদলি বলে মনে নিশ্চিত প্রশাসনিক মহল।

নির্বাচনের আগে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানায়, কোনও আধিকারিক তিন বছর বা তার বেশি সময় একই পদে থাকলে তাঁকে বদলি করতে হবে। সেই নির্দেশের আওতায় বিডিও, মহকুমা শাসক, জেলাশাসক থেকে জেলা প্রশাসনের একাধিক পদে রদবদলের প্রক্রিয়া শুরু হয়। এবার সেই তালিকায় যুক্ত হল পুলিশ প্রশাসনও।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ারের পুলিশ সুপার কে উমেশ গণপতকে সরিয়ে উত্তরবঙ্গ এসএসআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে থাকা অরিশ বিলালকে বসিরহাট পুলিশ জেলার নতুন এসপি করা হয়েছে। বসিরহাটের বর্তমান এসপি হোসেন মেহেদি রহমানকে বদলি করে জঙ্গিপুরে পাঠানো হয়েছে। অন্যদিকে জঙ্গিপুরের এসপি অমিত কুমার সাউকে আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে।

এই বদলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার পরিবর্তন। গত বছর ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে এই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। অশান্তির আবহে জাফরাবাদে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। সেই সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক স্তরে রদবদল করা হয়েছিল।

বছর ঘোরার আগেই ফের জঙ্গিপুরের এসপি বদলি হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন