নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পরই ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করার কথা জানিয়েছিল বিসিসিআই। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে বিশ্বকাপের আসর। সেইমতো ওডিআই বিশ্বকাপের জন্য ড্রাফ্ট শিডিউল আইসিসিকে দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের
প্রস্তাবিত সূচি ও ভেনু পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই যে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে তাতে ভারত-পাকিস্তান মহারণ হচ্ছে আমেদাবাদের লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।

এদিকে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। সেই ম্যাচটি হবে ১৯ অক্টোবর। ভারত-বাংলাদেশ ম্যাচটি হতে পারে পুণেতে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে ফের উত্তর ভারতে পাড়ি দিতে পারে ভারতীয় দল। এবার ধর্মশলায় নামতে পারেন রোহিতরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ অক্টোবর পাহাড়ের কোলে ম্যাচ খেলবে ভারত। অপরদিকে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ইডেনের মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত । নয়া খসড়াতেও সেরকমই উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

ভারতের ৯টি আলাদা শহরে গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবেন রোহিত শর্মারা। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। পাক বোর্ডের পছন্দমতো কেন্দ্রগুলিতেই পাকিস্তানের ম্যাচ দেওয়া হয়েছে। কলকাতাতে দু’টি করে ম্যাচ খেলবে পাকিস্তান।
বিশ্বকাপের খসড়া সূচি পাঠাল BCCI, ইডেনে কবে খেলবে ভারত?

সেইসঙ্গে জানা গিয়েছে, ইডেনের মাটিতে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাক দল। আগামী ১৯ নভেম্বর ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সূত্রের খবর, ভারতের পাঠানো ক্রীড়াসূচি আইসিসি অনুমোদন করার অপেক্ষা। এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যেতে পারে।



