বিশ্বকাপের মাঝে পরিবার নয়, বোর্ডের কড়া বার্তা—সূর্যদের অনুরোধ নাকচ করল BCCI

বিশ্বকাপ চলাকালীন পরিবারের সঙ্গে থাকার আবেদন খারিজ—নতুন শৃঙ্খলাবিধিতে অটল BCCI, আলাদা থাকতেই হবে স্ত্রী-পরিজনদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে তাড়াহুড়ো, উইকেট ছুঁড়ে দেওয়া এবং দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতেই কঠোর অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন স্ত্রী বা পরিবারের সদস্যদের সঙ্গে থাকার আবেদন করেছিলেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের ক্রিকেটাররা। তবে সেই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছে BCCI।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, বর্ডার–গাভাসকর ট্রফিতে পরাজয়ের পরই ২০২৫ সালের জানুয়ারি থেকে একাধিক নতুন শৃঙ্খলাবিধি চালু করা হয়। সেই নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটাররা স্ত্রী, বাগদত্তা বা পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় থাকতে পারবেন না।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলা সিরিজ বা টুর্নামেন্টে ক্রিকেটাররা সর্বোচ্চ ১৪ দিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন। আর ৪৫ দিনের কম সময়ের সফরে সেই সময়সীমা এক সপ্তাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও সেই নিয়মেই অটল থাকতে চাইছে বোর্ড।

সূর্যদের অনুরোধ নাকচ করল BCCI
সূর্যদের অনুরোধ নাকচ করল BCCI

BCCI-র এক কর্তা জানিয়েছেন, “দলীয় ম্যানেজমেন্ট জানতে চেয়েছিল ক্রিকেটারদের স্ত্রী বা বাগদত্তারা দলের সঙ্গে সফর করতে এবং একই হোটেলে থাকতে পারবেন কি না। বোর্ড স্পষ্ট জানিয়েছে, সেটা সম্ভব নয়। তবে ক্রিকেটাররা চাইলে আলাদা ব্যবস্থা করতে পারেন।”

জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দল প্রাইভেট চার্টার বিমানে সফর করবে। ক্রিকেটাররা ব্যক্তিগত শেফ সঙ্গে রাখতে পারলেও তাঁদের আলাদা হোটেলে থাকতে হবে। কাছাকাছি হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শেফরা রান্না করে দলের হোটেলে খাবার পৌঁছে দিতে পারেন।

সূত্রের দাবি, কয়েকজন সাপোর্ট স্টাফ বোর্ডকে জানিয়েছিলেন যে কিছু ক্রিকেটার অনানুষ্ঠানিক দলীয় বৈঠক ও পরিকল্পনা সেশনে নিয়মিত অংশ নিচ্ছেন না। তার পরই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় BCCI। এখন দেখার, এই সিদ্ধান্ত দলের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন