বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৌলবাদী সংগঠনের কার্যকলাপ এবং ভারত-বিরোধী মনোভাব ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। হিন্দুদের উপরে নির্যাতন এবং হিংসার অভিযোগের মাঝেই এবার সরাসরি কলকাতা দখলের হুমকি শোনা গেল বাংলাদেশের মৌলবাদী সংগঠন তিসরাই ইনসাফ পার্টি-র নেতা মিনাজ প্রধানের মুখে।
ঢাকার বাইতুল মসজিদের কাছে একটি মিছিলে মিনাজ প্রধান ঘোষণা করেন, “আমরা কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স দখল করব। ভারতের এবং বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকব। ভারতকে টুকরো টুকরো করব এবং ভারতীয় ভূখণ্ডে কলমা আঁকা পতাকা ওড়াবো।”


তিনি আরও বলেন, “হিন্দুদের সনাতনী পরিচয় ত্যাগ করে শুধুমাত্র বাংলাদেশী পরিচয় গ্রহণ করা উচিত।” তাঁর এই উস্কানিমূলক বক্তব্যে সমবেত জনতা ভারত-বিরোধী স্লোগান তুলে উল্লাসে ফেটে পড়ে।
বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার এবং মন্দির ভাঙচুরের ঘটনা অব্যাহত। এর পাশাপাশি মৌলবাদী সংগঠনের এমন ভয়ঙ্কর হুমকি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভারতে এমন উস্কানিমূলক বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের হুমকি এবং হিন্দু নির্যাতনের ঘটনা তুলে ধরার দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক মহল থেকে। বাংলাদেশে মৌলবাদী সংগঠনের উত্থান এবং হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বারবার সামনে এসেছে। ইউনূস সরকারের অসহযোগিতা এবং এমন উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।










