10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 3:35 অপরাহ্ন
28 C
Kolkata

বাংলাদেশে ফের রাজনৈতিক সহিংসতা, খুলনায় গুলিবিদ্ধ এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা

ওসমান হাদির মৃত্যুর রেশ কাটার আগেই মহম্মদ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি, মাথায় আঘাতের আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে ফের রাজনৈতিক সহিংসতার ঘটনা সামনে এল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি–র মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এ বার গুলিবিদ্ধ হলেন জাতীয় নাগরিক পার্টি (NCP)-র শ্রমিক সংগঠনের এক শীর্ষ নেতা।

সোমবার সকাল প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ খুলনার খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে গুলিবিদ্ধ হন মহম্মদ মোতালেব শিকদার। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করেই গুলি চালায়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, গুলি তাঁর মাথায় লেগেছে।

কে এই মোতালেব শিকদার

বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো–কে এনসিপির খুলনার এক সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। আগামী দিনে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির কাজেই ব্যস্ত ছিলেন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গিয়েছে।

ওসমান হাদির ঘটনার পর ফের আতঙ্ক

চলতি মাসের ১২ তারিখ ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। প্রথমে বাংলাদেশে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়

ওসমান হাদির মৃত্যুর পরেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র অস্থিরতা। ঢাকা, খুলনা, রাজশাহী-সহ একাধিক শহরে চলে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। সেই ঘটনার রেশ কাটার আগেই মোতালেব শিকদারের উপর গুলি চালানোর ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল।

নির্বাচনের আগে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

বাংলাদেশে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই একের পর এক রাজনৈতিক নেতা ও সংগঠকের উপর হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading