টি–২০ বিশ্বকাপ শুরুর ঠিক মুখে ফের অনিশ্চয়তায় বাংলাদেশের অংশগ্রহণ। ভারতে এসে বিশ্বকাপ খেলবে না—এই অবস্থানে অনড় থেকে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিঠি পাঠাল আইসিসি-কে। এবার তাদের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটির হাতে তুলে দেওয়া হোক। পরিস্থিতি যেভাবে ঘোরালো হচ্ছে, তাতে বাংলাদেশ আদৌ টি–২০ বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে প্রশ্ন আরও জোরাল হচ্ছে।
বৃহস্পতিবারই বিসিবি জানিয়ে দেয়, তারা ভারতে এসে টি–২০ বিশ্বকাপ খেলবে না। এই সিদ্ধান্তের ফলে আইসিসি বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিতে পারে বলেও জল্পনা শুরু হয়। তার মধ্যেই নতুন মোড়—আইসিসিকে ফের ইমেল করে বাংলাদেশের দাবি, নিরপেক্ষ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হোক।
বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তাঁর প্রস্তাব, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা অন্য কোনও নিরপেক্ষ দেশে আয়োজন করা হোক। যদিও আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল—বিশ্বকাপে খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে।
এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বৃহস্পতিবার বিসিবির তরফে আইসিসিকে ইমেল করা হয়। সূত্রের খবর, ওই ইমেলেই নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, আইসিসি পরিচালিত কোনও প্রতিযোগিতা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হলে বিষয়টি নিরপেক্ষ ডিসপিউট রেজোলিউশন কমিটির কাছে পাঠানো হয়। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি যে কোনও জটিলতার নিষ্পত্তি করে। বিসিবির অনুরোধ—বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি ওই কমিটির কাছেই পাঠানো হোক। কমিটি যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবে বাংলাদেশ। যদিও আইসিসি এই আর্জি গ্রহণ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি–২০ বিশ্বকাপ। আয়োজক দেশ ভারত, সঙ্গে সহ-আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতা ও মুম্বই-তে।
কিন্তু বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমান-কে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি জানায়, তারা ভারতে কোনও ম্যাচ খেলতে পারবে না। তারপর থেকে একাধিক চিঠি চালাচালি ও বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হলেও বিসিবির এক কর্তা জানিয়েছেন, তাঁরা এখনও আশা ছাড়ছেন না। নিজেদের অবস্থান আইসিসির কাছে বারবার তুলে ধরবেন বলেই জানানো হয়েছে।



