গত কাল স্প্যানিশ যুগ শুরু হয়েছে ভারতীয় ফুটবলে। কারণ ভারতীয় ফুটবল দলের কোচ হয়েছেন মানোলো মার্কেজ। আর তারপর থেকেই শুরু বিতর্ক। কারণ ভারতীয় কোচ একদিকে গোয়া এফসি ও অন্যদিকে ভারতীয় ফুটবল দলকে কোচিং করাবেন। যা এক কথায় নজিরবিহীন। আর এই কারণেই এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

বাইচুং এআইএফএফ এর টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন। নিয়ম অনুযায়ী ভারতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত করতে গেলে প্রথমে আলোচনা করতে হয় টেকনিক্যাল কমিটিতে। এই কমিটিতে আছেন আই এম বিজয়ন, বাইচুং ভুটিয়ার মত প্রাক্তন তারকা ফুটবলাররা। কিন্তু বিতর্ক তৈরি হয় তখনই যখন দেখা যায় নতুন কোচ এর নাম জানিয়ে দেওয়া হলেও তার আগে টেকনিক্যাল কমিটিতে কোনরকম আলোচনাই করা হয়নি।

আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বাইচুং। তিনি জানান যে কমিটির সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই যখন কোচ ঠিক করা হয়ে গিয়েছে তবে সেই কমিটিতে থেকে লাভ কি? উল্লেখ্য, ফেডারেশনের এইরূপ সিদ্ধান্তে এবং কাজের ধরন দেখে যথেষ্ট ক্ষুব্ধ বাইচুং। আর সেই কারণেই তিনি পদত্যাগের মতো সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন কোচ নিয়ে ভারতীয় ফুটবলে জোর বিতর্ক, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ বাইচুং এর

তিনি জানিয়ে দিয়েছেন সরকারিভাবে পদত্যাগের চিঠি তিনি ফেডারেশনে পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, আগামী ২০২৫ সাল পর্যন্ত স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিজুক্ত হয়েছেন। মার্কেজকে কোচ করার সিদ্ধান্ত নিয়েছে AIFF-এর এক্সিকিউটিভ কমিটি।



