27th ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) - 10:26 অপরাহ্ন
25 C
Kolkata

সিঙ্গুর থেকে সিপিআইএম প্রার্থী বাদশা মৈত্র? জল্পনা নিয়ে সরাসরি জবাব অভিনেতার

বিধানসভা ভোটের আগে সিঙ্গুর থেকে সিপিআইএম প্রার্থী হওয়ার জল্পনা খারিজ করলেন বাদশা মৈত্র। সমাজমাধ্যমে পোস্ট করে বললেন, খবর সম্পূর্ণ ভুয়ো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে টলিউডে ফের রাজনৈতিক জল্পনার ঝড়। চলতি বছরের বিধানসভা নির্বাচন ঘিরে যখন বিভিন্ন তারকার সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে জোর আলোচনা, ঠিক তখনই আচমকা রটে যায়— অভিনেতা বাদশা মৈত্র নাকি সিপিআইএমের টিকিটে সিঙ্গুর থেকে লড়তে চলেছেন। খবর ছড়াতেই সমাজমাধ্যমে তোলপাড়। তবে গুজব ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট বার্তা দিলেন অভিনেতা নিজেই।

অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়— টলিউড, বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি— সর্বত্রই এমন নজির রয়েছে। এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে। ফলে ইমন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক তারকার নাম ঘিরে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ফিসফাস চলছিলই। সেই আবহেই ছড়ায়, বাদশা মৈত্র নাকি সিপিআইএমের প্রার্থী।

বাদশা যে বামপন্থী মতাদর্শের সমর্থক, তা অজানা নয়। অতীতে একাধিক বাম প্রার্থীর হয়ে প্রচারেও গিয়েছেন তিনি। ফলে জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি একটি নিউজ পোর্টালের স্ক্রিনশট ঘুরতে শুরু করে, যেখানে দাবি করা হয় তিনি সিঙ্গুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।

এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে পোস্ট করে সমস্ত জল্পনা খারিজ করেন বাদশা। তাঁর বক্তব্য, “সকালবেলা এক বন্ধু ফোন করে জানতে চাইল আমি সিঙ্গুর থেকে দাঁড়াচ্ছি কি না। প্রথমে বুঝতেই পারিনি কী হচ্ছে। পরে আরেক বন্ধু একটি নিউজ পোর্টালের স্ক্রিনশট পাঠায়। বুঝলাম, কেউ বা কারা নিজেদের উৎসাহে এ রকম খবর ছড়িয়েছে।”

অভিনেতার স্পষ্ট বক্তব্য, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি লেখেন, “এই জাতীয় গুজব আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লাগে। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, দয়া করে আমার নামে এ ধরনের খবর ছড়াবেন না। যারা এই খবর করেছেন, তাঁদের বলছি— আপনারা ওই তালিকা থেকে আমার নামটা এখনই তুলে দিন।”

একই সঙ্গে ভবিষ্যতে তাঁর নাম নিয়ে কোনও খবর প্রকাশের আগে সরাসরি তাঁর সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করার আবেদনও জানিয়েছেন বাদশা।

ভোটের আগে রাজনৈতিক ময়দান যত উত্তপ্ত হচ্ছে, ততই তার আঁচ লাগছে বিনোদন দুনিয়াতেও। তবে আপাতত পরিষ্কার— সিঙ্গুর থেকে সিপিআইএম প্রার্থী হচ্ছেন না বাদশা মৈত্র।

সিঙ্গুর থেকে সিপিআইএম প্রার্থী বাদশা মৈত্র?
সিঙ্গুর থেকে সিপিআইএম প্রার্থী বাদশা মৈত্র?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading