আবারও বিতর্কে জড়ালেন জনপ্রিয় র্যাপার Badshah। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন হরিয়ানভি গান ‘টটীরী’ ঘিরে উঠেছে তীব্র আপত্তি। গানের কথায় ও দৃশ্যে আপত্তিকর ইঙ্গিত থাকার অভিযোগ তুলে হরিয়ানার মহিলা কমিশন পানিপথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি সামনে আসতেই নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন এই জনপ্রিয় গায়ক।
১ মার্চ মুক্তি পায় বাদশার গাওয়া এই গানটি। গায়ক নিজেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গানটি প্রকাশ করেছিলেন। তবে গান প্রকাশের কিছুদিনের মধ্যেই তা ঘিরে বিতর্ক শুরু হয়। গানের ভিডিওতে একদল স্কুলপড়ুয়া ছাত্রীকে নাচতে দেখা যায়। শুরুতেই দেখা যায় তারা কাঁধ থেকে স্কুলব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্য এবং গানের কথার মধ্যে যৌন ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ ওঠে।
এই অভিযোগের পরই বিষয়টি নিয়ে সরব হয় হরিয়ানার মহিলা কমিশন। কমিশনের সদস্যরা পানিপথ থানায় বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযোগ উঠেছে, গানে ব্যবহৃত কিছু শব্দ ও লিরিক্স অশালীন এবং তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই বিতর্কের জেরে গানটি ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারম্যান Renu Bhatia বলেন, “এই ধরনের গান সমাজে বিশেষ করে তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বাদশা। কয়েক বছর আগে লোকশিল্পী Ratan Kahar-এর জনপ্রিয় গান ‘Boro Loker Biti Lo’-র রিমিক্স তৈরি করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই সময়ও গানের কৃতিত্ব এবং রয়্যালটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
নতুন এই বিতর্কে বাদশার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।









