কেকেআরের কাছে হারেই শেষ দিল্লির স্বপ্ন, আগামী মরসুম নিয়ে ভাবছেন অধিনায়ক অক্ষর

কেকেআরের কাছে হারের পর কার্যত প্লেঅফের দৌড় থেকে ছিটকে দিল্লি ক্যাপিটালস। আগামী মরসুমের পরিকল্পনার কথা বললেন অধিনায়ক অক্ষর পটেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের প্লেঅফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর হতাশ দিল্লির অধিনায়ক অক্ষর পটেল স্পষ্ট বুঝিয়ে দিলেন, এ বারের অভিযান প্রায় শেষ। ম্যাচ শেষে তিনি স্বীকার করে নিলেন, দল প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি। সেই সঙ্গে এখন থেকেই আগামী মরসুমের পরিকল্পনা শুরু করার কথাও জানিয়ে দিলেন দিল্লি অধিনায়ক।

শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের কাছে হারার পর অক্ষর বলেন, “আমাদের ভুলগুলো নিয়ে ভাবতে হবে। আগামী মরসুমের জন্যও পরিকল্পনা শুরু করতে হবে। দলের সব ক্রিকেটারকে কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, সেটা দেখতে হবে।”

এ বার আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে মাত্র চারটিতে জিতেছে তারা, হেরেছে সাতটি ম্যাচে। ফলে বাকি তিনটি ম্যাচ জিতলেও দিল্লির সর্বাধিক পয়েন্ট দাঁড়াবে ১৪। কিন্তু ১০ দলের আইপিএলের ইতিহাসে এত কম পয়েন্ট নিয়ে কোনও দল এখনও প্লেঅফে উঠতে পারেনি।

পরিস্থিতি আরও কঠিন কারণ, পয়েন্ট তালিকার প্রথম পাঁচটি দল ইতিমধ্যেই ১২ বা তার বেশি পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট, হাতে এখনও তিনটি ম্যাচ। বাকি শীর্ষ দলগুলির কাছেও রয়েছে অতিরিক্ত ম্যাচের সুযোগ।

সবচেয়ে বড় ধাক্কা দিল্লির নেট রান রেট। বর্তমানে ১০ দলের মধ্যে সবচেয়ে খারাপ নেট রান রেট রয়েছে তাদের। ফলে শুধু ম্যাচ জিতলেই হবে না, অন্য দলগুলির ফলও দিল্লির পক্ষে যেতে হবে— যা বাস্তবে প্রায় অসম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এই কারণেই কেকেআরের বিরুদ্ধে হারার পর অক্ষরের গলায় শোনা গেল বাস্তবতার সুর। প্লেঅফের অলৌকিক অঙ্কে না গিয়ে তিনি বরং আগামী মরসুমের দল গঠন এবং কৌশল নিয়েই এখন বেশি ভাবছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন